ট্র্যাকিংয়ে এসে পথ হারাচ্ছেন পর্যটক, কাপ্তাইয়ে সীতাপাহাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড লাগাচ্ছেন বন বিভাগের কর্মীরাছবি :সংগৃহীত।

রাঙামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড়সহ সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনাঞ্চলের সার্বিক সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

গতকাল সোমবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পর থেকে পাহাড়ে প্রবেশের বিভিন্ন জায়গায় এ নিষেধাজ্ঞার বিলবোর্ড টানানো হচ্ছে। আজ মঙ্গলবারও এ কার্যক্রম চলমান।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি সীতাপাহাড়সহ বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিংয়ে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়েছেন। সাধারণত সংরক্ষিত বনাঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এরপরও পর্যটকেরা এতে প্রবেশ করছেন। এতে পর্যটকদের নিরাপত্তাঝুঁকির পাশাপাশি বনাঞ্চলের জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

অবশ্য শুধু তাই নয়। সম্প্রতি সীতাপাহাড় এলাকায় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। চলতি মাসের ২০ তারিখ এতে ভ্রমণে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার। পরে কর্ণফুলী নদীতে ডুবে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া গত ২৯ আগস্ট সীতাপাহাড়ে ঘুরতে এসে পথ হারান চার পর্যটক। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।

কাপ্তাইয়ের সীতা পাহাড়
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট অফিসার মোহাম্মদ মিঠু তালুকদার বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশের কারণে সাম্প্রতিক সময়ে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকেরা পথ হারিয়ে ফেলছেন। এ কারণেই সংরক্ষিত এলাকায় পর্যটকদের অবাধ প্রবেশ ও যাতায়াত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।