মানিকগঞ্জে প্রধান শিক্ষকের মাথায় কোপ বহিষ্কৃত ছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারালো অস্ত্রের কোপে আহত শিক্ষক মিজানুর রহমান
ছবি: প্রথম আলো

বহিষ্কৃত ছাত্রের ধারালো অস্ত্রের কোপে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে নেওয়া হয় আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে।

আজ রোববার দুপুরে উপজেলার বালিরটেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি খাবাশপুর এলাকার লাবণ্য প্রভা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে লাবণ্য প্রভা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করতেন রাজু আহমেদ (১৮)। ওই সময় বিদ্যালয়ে উচ্ছৃঙ্খল আচরণ, মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে বিদ্যালয় থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এর পর থেকে রাজু প্রধান শিক্ষক মিজানুর রহমানের ওপর মারমুখী আচরণ শুরু করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ে যেতে স্থানীয় বালিরটেক বাজারে যান। এ সময় বিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র রাজু প্রধান শিক্ষককে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষকে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুর রহমান সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষক মিজানুর রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রধান শিক্ষকের ভাতিজা মাহবুব হোসেন বলেন, স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করতেন রাজু। এ নিয়ে তাঁকে সাবধান করা হলেও সংশোধিত হয়নি। পরে তাঁকে বহিষ্কার করা হলে রাজু ক্ষুব্ধ হন। সম্প্রতি আবার রাজু বিদ্যালয়ে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে রাজুকে সতর্ক করে। এতে ক্ষিপ্ত হয়ে রাজু প্রধান শিক্ষক মিজানুর রহমানকে কুপিয়ে আহত করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ওই শিক্ষককে কুপিয়ে আহত করার খবর পেয়ে তাঁকে দেখতে ও ঘটনার সম্পর্কে জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বিদ্যালয় থেকে বহিষ্কারের জের ধরে এই হামলা হতে পারে, প্রাথমিক তদন্তে জানা তা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।