মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির চেষ্টা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে অভিযান চালিয়ে কুকুরে কামড়ানো গর্ভবর্তী গরুর মাংস জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে এ মাংস পৌরসভার ভাগাড়ে ফেলে দেওয়া হয়
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড–সংলগ্ন নারাঙ্গাই এলাকায় মাংসপট্টিতে অভিযান চালিয়ে অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান এই জরিমানা করেন।

জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামের সাগর আলী (৪২) এবং হরিরামপুর উপজেলার সাগর মিয়া (৩৮)। তাঁদের মধ্যে সাগর আলী গরুর মাংস বিক্রেতা (কসাই) এবং সাগর মিয়া হলেন দালাল। সাগর মিয়া ঘিওর উপজেলার পেচারকান্দা গ্রামের এক গৃহস্থের কাছ থেকে গরু সংগ্রহ করেন। আর সাগর আলী গরুটি কিনে জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে আসাদুজ্জামান জানতে পারেন, ঘিওরের পেচারকান্দা এলাকা থেকে কুকুড়ে কামড়ানো গর্ভবতী একটি গরু বিক্রির উদ্দেশ্যে জেলা বাসস্ট্যান্ড–সংলগ্ন নারাঙ্গাইর এলাকায় মাংসপট্টিতে আনা হচ্ছে। এরপর তিনি এবং ক্যাবের লোকজন রাতে মাংসপট্টির আশপাশে অবস্থান নেন। তবে রাত একটা পর্যন্ত তাঁরা ওই গরুর হদিস পাননি। আজ ভোর পাঁচটার দিকে মাংসপট্টিতে গরু এনে জবাই করার পর হাতেনাতে ধরেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলের সদস্যরা।

এরপর জবাই করা গরুটির মাংস জেলা সদরের মুলজান এলাকায় পৌরসভার ভাগাড়ে (ডাম্পিং স্টেশন) ফেলে দেওয়া হয়। এ সময় মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লাখ টাকা এবং গরু সরবরাহকারী (দালাল) সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সামছুন্নবী এবং সদর থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী প্রমুখ।

আসাদুজ্জামান বলেন, কুকুরে কামড়ানো গর্ভবতী গরুর মাংস বিক্রি অথবা বিক্রির চেষ্টা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৩ এবং ৪৫ ধারা অনুযায়ী ওই দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে মাংস ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।