ছিনতাইয়ের পর মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করতেন তাঁরা
কিশোরগঞ্জে মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের ডিভাইসসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার সকালে জেলা শহরের বড়বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে র্যাব-১৪–এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মো. ফরহাদ উদ্দিন (২৮), একই উপজেলার হাজীপুরের গাবরগাঁও এলাকার গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) ও সদর উপজেলার ধনাইল এলাকার দলিল উদ্দিনের ছেলে আরিফ আহমেদ ওরফে রকি (৩০)।
র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রেনডম ফরহাদ’ নামের একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় লোকজনের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব ওই চক্রের ওপর নজরদারি চালায়। পরে ওই চক্রের সদস্যদের ধরতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে আজ সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ছিনতাই চক্রের সদস্য তিন সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল, একটি সুইচ গিয়ার চাকু, দুটি মুঠোফোন, কম্পিউটারের একটি করে সিপিইউ ও মনিটর জব্দ করা হয়।
মেজর মো. শাহরিয়ার মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে ফরহাদ উদ্দিন ওই চক্রের মূল হোতা। তাঁর বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদক মামলাসহ তিনটি মামলা আছে। দীর্ঘদিন ধরে চক্রটি কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে থেকে মুঠোফোন ছিনতাই করত। এরপর কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটে আরিফ আহমেদের দোকান (শাম্মী টেলিকম) থেকে তাঁরা মুঠোফোনের আনলক খোলা ও আইএমইআই নম্বর পরিবর্তন করতেন। আটক তিনজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।