প্রাণিসেবায় অনন্য উদ্যোগ বদলগাছি ভেটেরিনারি হাসপাতালের

আগে দিনে ছয়-সাতজন খামারি গৃহপালিত পশুর জন্য সেবা নিতে আসতেন। বর্তমানে ১০০ জনের বেশি খামারি সেবা নিচ্ছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদলগাছি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিচ্ছেন খামারিরা। গত ২৭ মে তোলা
প্রথম আলো

অন্য আর দশটি পশু হাসপাতালের মতোই ছিল নওগাঁর বদলগাছি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চিত্র। এক বছর আগেও এ হাসপাতালে দিনে ছয়-সাতজন খামারি গৃহপালিত পশুর জন্য সেবা নিতে আসতেন। বর্তমানে হাসপাতালটিতে প্রতিদিন ১০০ জনের বেশি খামারি সেবা নিচ্ছেন।

গবাদিপশুর সেবায় সপ্তাহে সাত দিন সার্বক্ষণিক বিনা মূল্যে জরুরি বিভাগ ও মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবাসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণের ফলে পরিস্থিতি পাল্টে গেছে। হাসপাতালের ইতিবাচক এই পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক।

প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ের ভেতর ও বাইরে সাজানো–গোছানো পরিবেশ। হাসপাতাল চত্বরে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি নান্দনিক শেড। এগুলোর মধ্যে রয়েছে পেট অ্যান্ড বার্ডস কেয়ার সেন্টার, অপারেশন থিয়েটার, প্রজনন সেন্টার ও অ্যানিমেল শেড।

প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ের মূল ফটকের সামনে রয়েছে কাচঘেরা ‘জরুরি সেবা ও তথ্যসহায়তা কেন্দ্র’। মূল ফটক দিয়ে ঢুকতেই হাতের ডানে ও বাঁয়ে করা হয়েছে কাচঘেরা ‘আলট্রাসনোগ্রাম চেম্বার’ ও ‘স্যাম্পল কালেকশন চেম্বার’। এ ছাড়া রয়েছে ভ্যাকসিন সেন্টার।

প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় চত্বরের মতো ভবনের ভেতরের পরিবেশও ছিমছাম আর গোছানো। প্রাণিসম্পদ দপ্তরের মূল ফটকের ভেতর রয়েছে ডিজিটাল বোর্ড। প্রয়োজনীয় সেবা নিতে খরচের তালিকা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মীদের মুঠোফোন নম্বরের তথ্য আছে এসব বোর্ডে। এ ছাড়া দোতলায় কার্যালয় মিলনায়তনে ডিজিটাল বোর্ডে উপজেলায় পশুপাখির সংখ্যা ও কোন প্রাণীর কী ধরনের কত সেবা দেওয়া হয়েছে, তার সংখ্যা লেখা রয়েছে।

বদলগাছি ছাড়াও আশপাশের মহাদেবপুর, পত্নীতলা ও নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে সেবা নিতে আসেন। গত ২৭ মে সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) বদলগাছি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মূল ফটকের সামনে কাচঘেরা জরুরি সেবা ও তথ্যসহায়তা কেন্দ্র। এর সামনে তিন-চারজন সেবাপ্রার্থী দাঁড়িয়ে আছেন। কাচের ভেতরে বসে থাকা দুজন ব্যক্তি সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলছিলেন। মূল ফটকের বাইরে হাসপাতাল চত্বরে একটি বাছুর (গরুর বাচ্চা) ও তিনটি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন দুজন সেবাপ্রার্থী। কিছুক্ষণ পর সাদা গাউন পরা এক ব্যক্তি এসে বাছুর ও ছাগলগুলোকে পরীক্ষা করলেন।

বদলগাছি উপজেলার দেউলিয়া গ্রাম থেকে ছাগলের জন্য পরামর্শ চাইতে এসেছিলেন রাবেয়া আক্তার (৬০) নামের এক নারী। তিনি বলেন, তাঁর তিনটি ছাগল আছে। একটা মা ছাগল আর দুটি বাচ্চা ছাগল। কয়েক দিন ধরে বাচ্চা দুটি ঠিকমতো খাচ্ছে না। তাই তিনি ছাগলের খাওয়ার রুচি হয়, সে জন্য ভিটামিন নিতে এসেছেন।

দেড় মাস বয়সী বাছুরের চিকিৎসার জন্য উপজেলার ঢেকরা গ্রাম থেকে এসেছিলেন নিজাম উদ্দিন নামের আরেক সেবাপ্রার্থী। তিনি বলেন, ‘জন্মের পর থেকেই আমার বাছুরটার নাভি ও এর আশপাশে ঘা দেখা দেয়। এলাকার পশুচিকিৎসককে দিয়ে চিকিৎসা করিয়েও কাজ হয়নি। পরে প্রতিবেশীদের পরামর্শে এখানে এলাম। এখানে আসার পর এখানকার বড় কর্মকর্তা নিজে আমার বাছুরটা পরীক্ষা-নিরীক্ষা করলেন। ঘায়ের জায়গাগুলো ওষুধ দিয়ে ড্রেসিং করে দিলেন। কোনো টাকাপয়সা নিলেন না। এর পর থেকে গরু-ছাগলের কোনো সমস্যা হলে এখানেই আসব।’

২০২১ সালের নভেম্বর মাসে নাজমুল হক এখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বে আসেন। তিনি যোগদানের পর থেকে গত দেড় বছরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কার্যক্রমের বেশ কিছু পরিবর্তন এসেছে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এখানকার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য ২০২২ সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন তিনি।

গত বছরের অক্টোবর থেকে নাজমুল হক বাংলাদেশে প্রথমবারের মতো প্রাণীর চিকিৎসায় সার্বক্ষণিক বিনা মূল্যে ‘জরুরি বিভাগ’ চালু করেন। জরুরি সেবা রেজিস্টার থেকে পাওয়া তথ্যে জানা যায়, এ পর্যন্ত ৪১ হাজার ২৭৯টি পশুপাখিকে জরুরি বিভাগের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবার মাধ্যমে বিপৎকালীন জরুরি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

নাজমুল হক বলেন, ‘চাকরিতে যোগদানের পর থেকে আমি সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। উন্নত দেশগুলোতে পশুপাখির সেবায় যে উদ্যোগ দেখা যায়, তা আমাদের দেশে নেই। ওই সব দেশে মানুষ ও পশুপাখির সেবার ক্ষেত্রে চিকিৎসায় উদ্যোগের কোনো পার্থক্য দেখা যায় না। সদিচ্ছা থাকলে আমাদের দেশেও প্রাণিসেবার মান বাড়ানো সম্ভব। যোগদানের পর থেকে বদলগাছি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে এখানে পশুপাখির আধুনিক চিকিৎসায় যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, প্রাণিসেবায় বদলগাছি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। ইতিমধ্যে বদলগাছি ভেটেরিনারি হাসপাতালকে মডেল হিসেবে ধরে অন্য উপজেলায় সার্বক্ষণিক জরুরি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।