আনোয়ারায় সার কারখানার শ্রমিকদের চার ঘণ্টার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও টেকনিশিয়ানের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের আনোয়ারার একটি সার কারখানার শ্রমিকেরা।

আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আনোয়ারার ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের গেটে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, কারখানার শ্রমিকদের কাজের নিরাপত্তা নেই। গত বৃহস্পতিবার দায়িত্ব শেষ হওয়ার পর বাসা থেকে ডেকে এনে কাজ করানোর সময় টেকনিশিয়ান হামিদ উল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। এর জন্য কারখানার ব্যবস্থাপনা দায়ী। কারখানায় কাজের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। এসব দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দাবি মেনে না নিলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ডিএপির সিবিএ সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু জাহের, অস্থায়ী শ্রমিক সিবিএ সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক মো. ইসমাইলসহ অন্যান্য শ্রমিকনেতারা।