পাওনা টাকা আদায়ের জন্য লাশ নিয়ে স্বজনের বাড়িতে ৭ ঘণ্টা অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলার মানচিত্র

ছেলের চাকরির জন্য একটি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী প্রধানকে প্রায় ১৩ লাখ টাকা দিয়েছিলেন দবিরুল ইসলাম প্রধান (৫৬)। তবে চাকরির কোনো ব্যবস্থা হয়নি। দীর্ঘদিন ঘুরে টাকাও ফেরত পাচ্ছিলেন না। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দবিরুল। পরে পাওনা টাকা আদায়ের জন্য গতকাল রাত সাড়ে আটটার দিকে দবিরুলের লাশ নিয়ে তাঁর স্বজনেরা জুলফিকারের বাড়িতে গিয়ে অবস্থান নেন। পরে প্রায় সাত ঘণ্টা পর মধ্যরাতে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

গতকাল রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের প্রধান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টায় প্রধানপাড়া দারুল ফালাহ দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে দবিরুলের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। দবিরুল ও অভিযুক্ত জুলফিকার একই গ্রামের বাসিন্দা। দবিরুল সম্পর্কে জুলফিকারের মামাশ্বশুর হন।

গতকাল রাত ১১টার দিকে সরেজমিন দেখা যায়, জুলফিকারের বাড়ির আঙিনায় দবিরুলের লাশ রাখা হয়েছে। লাশের পাশেই দবিরুলের ভাই বদিরুল ইসলামসহ স্বজনেরা বসে আছেন। তবে জুলফিকারের ঘরে তালা ঝুলছে। দবিরুলের লাশ তাঁর বাড়িতে নিয়ে আসার খবর শুনেই জুলফিকার তাঁর স্ত্রীসহ ঘরে তালা দিয়ে বেরিয়ে যান।

দবিরুলের পরিবারের লোকজন বলেন, জুলফিকার ওই এলাকায় রেস্তোরাঁ ব্যবসা করেন। প্রায় দুই বছর আগে তিনি দারুল ফালাহ দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। তখন তিনি মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের বিষয়ে তাঁর মামাশ্বশুর দবিরুলকে জানান। দবিরুলের বড় ছেলে জাকিরুল ইসলামকে ওই পদে আবেদন করার জন্য জুলফিকার পরামর্শ দেন। এরপর চাকরি দেওয়ার কথা বলে কয়েক ধাপে জুলফিকার মোট ১০ লাখ ৫৬ হাজার টাকা নেন। পরে গ্রন্থাগারিকের সনদ এনে দেওয়ার কথা বলে জুলফিকার আরও ২ লাখ ২০ হাজার টাকা নেন। এসব টাকা দিতে দবিরুল দুটি মাইক্রোবাস, একটি ট্রাক্টর ও কিছু জমিও বিক্রি করেছেন বলে তাঁর স্বজনেরা দাবি করেন।

দবিরুলের ছোট ছেলে আবদুস সবুর প্রধানের ভাষ্য, জুলফিকার তাঁদের নিকটাত্মীয়। তারপরও জুলফিকার তাঁর বাবার সঙ্গে প্রতারণা করেছেন। পাওনা টাকা ফেরত পেতে তাঁর বাবা দীর্ঘদিন ধরে জুলফিকারের বাড়িতে ঘুরেছেন। তবে জুলফিকার টাকা ফেরত না দিয়ে উল্টো তাঁর বাবাকে অপমান করেন। এর মধ্যে গত ১৩ জুলাই তাঁর বাবা ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য জুলফিকারের কাছে পাওনা টাকা চাইলেও জুলফিকার কোনো টাকা দেননি।

আবদুস সবুর বলেন, ‘বাবা গুরুতর অসুস্থ হওয়ার পর পাওনা টাকা ফেরত পেতে গত ২ আগস্ট আমি পঞ্চগড়ের পুলিশ সুপারের বরাবর একটি আবেদনও করেছিলাম। কিন্তু এর মধ্যেই আমার বাবা মারাই গেল।’

এদিকে গতকাল দবিরুলের মৃত্যুর পর তাঁর স্বজনেরা লাশ নিয়ে জুলফিকারের বাড়িতে অবস্থান নিলে সেখানে গ্রামের লোকজন ভিড় করেন। পরে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।

সাতমেরা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, দবিরুলের স্বজনেরা লাশ নিয়ে জুলফিকারের বাড়িতে অবস্থান নিলে দুই পক্ষকে নিয়ে বসার ব্যবস্থা করা হয়। পরে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে জুলফিকার মোট ছয় লাখ টাকা ফেরত দিতে চাইলে বিষয়টির সমাধান হয়। এ সময় জুলফিকার নগদ এক লাখ টাকা ও পাঁচ লাখ টাকার একটি চেক দিয়ে দুই মাসের সময় নেন। সমাধানের পর দবিরুলের লাশ তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জুলফিকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজ সকাল পর্যন্ত তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, পাওনা টাকা আদায় নিয়ে প্রধানপাড়া এলাকার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা সমাধান করেছেন। আজ সকালে মৃত ব্যক্তির জানাজা সম্পন্ন হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত আছে।