জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে পাউবোর কর্মচারীর কারাদণ্ড
জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের এক উচ্চমান সহকারীকে চার বছরের কারাদণ্ড ও ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী আজ সোমবার দুপুরে এই রায় দেন।
সাজা পাওয়া পাউবোর ওই কর্মচারীর নাম হাসনা বানু। তিনি রংপুর শহরের আশরতপুর (চকবাজার) এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ মার্চ দুর্নীতি দমন কমিশনের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী হাসনা বানুকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
ওই মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, হাসনা বানু রংপুর শহরের আশরতপুর (চকবাজার) এলাকার বাসিন্দা। তিনি অবৈধভাবে বিপুল অর্থসম্পদের মালিক হওয়ায় দুর্নীতি দমন কমিশন ২০১৬ সালের ৭ জানুয়ারি তাঁর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়। তিনি একই বছর ২৪ জানুয়ারি দুদকের কাছে সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু দুদক মাঠপর্যায়ে তাঁর স্থাবর–অস্থাবর সম্পদের পরিমাণের সঙ্গে দাখিলকৃত সম্পদের অনেক অসংগতি পায়। তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মূল্য ৪৩ লাখ ১৭ হাজার ২১৬ টাকা।
আদালতের পিপি এ কে এম হারুন উর রশিদ জানান, মামলার আদেশে রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের উচ্চমান সহকারী হাসনা বানুকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২৬(২) ধারায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৪৩ লাখ ১৭ হাজার ২১৬ টাকা জরিমানা করা হয়েছে।