খুলনায় আজিজুল বারীসহ বিএনপির ৮ নেতা–কর্মী কারামুক্ত
খুলনায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী ওরফে হেলাল, জেলা আহ্বায়ক আমীর এজাজ খানসহ বিএনপির আট নেতা-কর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে তাঁরা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগারের সামনে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির নেতা-কর্মীরা।
কারামুক্ত অন্যরা হলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ। একটি নাশকতা মামলায় তাঁরা গত ২৭ এপ্রিল খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ডুমুরিয়া থানায় নাশকতার মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ নাহিয়া। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়।
নাম উল্লেখ করা আসামিরা গ্রেপ্তার এড়াতে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন। আদালত নয়জনের জামিন মঞ্জুর করেন। বাকি আটজনের জামিন নামঞ্জুর করে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
কারাগার থেকে মুক্ত হয়ে আজিজুল বারী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে ফিরে এসেছি। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন যত বাড়বে, বিএনপির চলমান আন্দোলন তত তীব্র হবে। মামলা দিয়ে, হামলা চালিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না। অত্যাচার-নির্যাতনের তীব্রতা মাথায় নিয়েই বিএনপি রাজপথে নেমেছে, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না।’