রাজাপুরে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার রাজাপুর-ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই ট্রাকের চালককে আটক করেছে।

নিহত ব্যক্তিরা হলেন গাছ ব্যবসায়ী শহিদ হোসেন (৪০) ও জাহাঙ্গীর হোসেন (৬৫)। শহিদ হোসেন উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে এবং জাহাঙ্গীর হোসেন উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় আহত অপর যাত্রী আবদুর রশিদকে (৪৮) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার লেবুবুনিয়া এলাকার বাসিন্দা।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুজ্জামান জানান, ইজিবাইকটি যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। সমবায় ক্লাব এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী শহিদ হোসেন মারা যান। অপর দুই যাত্রী জাহাঙ্গীর হোসেনও আবদুর রশিদকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয় লোকজন। সেখানে নেওয়ার পর জাহাঙ্গীর মারা যান।

পুলিশ ট্রাকচালক বাহাদুরকে আটক করেছে। বাহাদুর উপজেলার আমিনবাড়ি এলাকার হেমায়েত মৃধার ছেলে। অপর দিকে ইজিবাইকচালক সুস্থ থাকলেও ঘটনার পর তিনি পালিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।