গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এই দুজন মারা যানছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের পুবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুবাইল রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটেছে।

মৃত ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরের পুবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজীব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)।

স্থানীয় একাধিক বাসিন্দা ও রেলওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে শেখ হাবিব ও সজীব পুবাইল বাজার যাচ্ছিলেন। রাত ৯টার দিকে চট্টগ্রামগামী একটি কনটেইনারবাহী ট্রেন পুবাইল রেলক্রসিং অতিক্রম করার সময় হলে রেলক্রসিংয়ে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। ঠিক ওই সময় শেখ হাবিব ও সজীব পুবাইল ওই এলাকায় মোটরসাইকেলে পৌঁছান। তাঁরা অপেক্ষা না করে লোহার ভার উঁচু করে মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হতে চাচ্ছিলেন। এ সময় ওই ট্রেনের ধাক্কায় তাঁদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শেখ হাবিব ও সজীব মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুবাইল রেলওয়ের স্টেশনমাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা বলেন, ‘রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’