চকরিয়ায় দোলনায় খেলতে গিয়ে ওড়নার ফাঁসে শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় দোলনায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম আকরিতা জান্নাত (১০)। সে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী জিয়াউর রহমানের মেয়ে। আকরিতা স্থানীয় গয়ালমারা আহমদিয়া ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন জানান, আজ সকালে মক্তব থেকে ফিরে বাড়ির উঠানে দোলনায় খেলছিল আকরিতা। এ সময় তার ওড়না দোলনার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আঘাত পায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকরিতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার মা ইয়াসমিন আকতার (৩০)। তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। ইয়াসমিন আকতার বলেন, আকরিতা তাঁদের বড় সন্তান। ঈদের বাজারের জন্য কয়েক দিন আগে প্রবাস থেকে টাকা পাঠিয়েছিলেন তার বাবা। গতকাল লোহাগাড়া শপিং মলে গিয়ে সন্তানদের কেনাকাটা করিয়েছেন তিনি। মা বলেন, ‘কত আনন্দ নিয়ে আমার মেয়ে বাড়ি ফিরেছিল। আজ সকালে আমার জানপাখি উড়ে গেল।’
ইয়াসমিন আকতার আরও বলেন, ‘সাহ্রি খাওয়ার পর আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় আকরিতা ঘুম থেকে উঠে নিজেই মক্তবে যায়। ফিরে এসে বাড়ির উঠানের দোলনায় খেলছিল। আমি ঘুমিয়ে থাকায় কিছু বুঝতে পারিনি। আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে।’
হারবাং ইউনিয়ন পরিষদের সদস্য (গয়ালমারা এলাকা) মো. শফিউল আলম প্রথম আলোকে বলেন, সামান্য অসতর্কতায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিশুটির মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।