‘আশ্বাস মেলে, সেতু হয় না’ 

শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করলেও বর্ষায় কলাগাছের ভেলা আর নৌকাই একমাত্র ভরসা হয়ে ওঠে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতু না থাকায় এভাবে দড়ি টেনে টেনে ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হতে হয়। সম্প্রতি রংপুরের তারাগঞ্জের যমুনেশ্বরীর নদীরপার ঘাটে
ছবি: প্রথম আলো

‘এটে কি পুল হবার নেয় বাহে। হারা কি কষ্ট করি সারা জীবন নদীখান পার হমো। সরকারোক কি হারা খাজনা দেই না। হারা কি দেশের জনগণ নই। কেন এটে একনা পুল না বানায়।’

এসব কথা বলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার নদীরপার গ্রামের ৬০ বছরের বৃদ্ধ আবু বক্কর। সম্প্রতি উপজেলার হাড়িয়াকুঠি ও কুর্শা ইউনিয়ের বুক চিরে বয়ে যাওয়া যমুনেশ্বরীর নদীরপার ঘাটে গেলে কথা হয় তাঁর সঙ্গে।

আবু বক্কর বলেন, স্বাধীনতার পর থেকে এই ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছেন বিভিন্ন দলের নেতারা। তবে ভোটে নির্বাচিত হওয়ার পর কেউ আর খোঁজ রাখেন না। এলাকাবাসী জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিলে শুধু আশ্বাস ছাড়া কিছুই পান না। পাঁচ দশক ধরে হয় হয় করেও সেতু হয় না।

ঘাট পার হওয়ার সময় কথা হয় তালতলা গ্রামের কৃষক সাইফুল ইসলামের সঙ্গে। আক্ষেপ করে তিনি বলেন, ‘নদীর ওপারোত জমি। সেতু না থাকায় যে কী কষ্ট করি ফসল ঘরোত তুলার নাগে, তাক হারায় জানি। ছয় মাস আগোত এমপি ওকড়াবাড়ির সভাত কইল, এটে সেতু হইবে। কোনটে তা এ্যালাও কেনবা সেতু হয় না। হামরা খালি আশ্বাসে পাই, সেতু পাই না। সেতুখান হইলে হামার অনেক কষ্ট কমিল হয়।’

এমন আক্ষেপ শুধু আবু বক্কর বা সাইফুলের নয়, যমুনেশ্বরী সেতুর নদীরপার ঘাটের দুই পারের হাজারো মানুষের আক্ষেপ এটি। 

সরেজমিনে দেখা গেছে, দুই ইউনিয়নের আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সেতু না থাকায় নৌকায় করে এ ঘাটে নদী পারাপার হচ্ছে। ঘাটে একমাত্র নৌকাটিও নড়বড়ে হওয়ায় পাঁচ-ছয়জনের বেশি লোকজন পারাপার হতে পারে না। যমুনেশ্বরী নদীর ওই ঘাট দুই ইউনিয়নকে বিভক্ত করেছে। আশপাশে রয়েছে বানিয়াপাড়া, নদীরপার, জলুবার, তালতলা, পালপাড়া, কবিরাজপাড়া, কুমারপাড়া, রহিমাপুর, পশ্চিম রহিমাপুর, চেয়ারম্যানেরপাড়া, বিষ্ণুপুর, পলাশবাড়িসহ ১২টি গ্রাম। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করলেও বর্ষায় কলাগাছের ভেলা আর নৌকাই একমাত্র ভরসা হয়ে ওঠে।

কবিরাজপাড়া গ্রামের সামাদ হোসেন বলেন, ‘সেতু না থাকায় এখন হামাক সাত কিলোমিটার বেশি ঘুরি ধান, পাট, গম, ভুট্টা বাজারে বেচার জন্য নিতে হয়। খরচও বেশি, কষ্টও হওছে।’

হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘সেতু না থাকায় কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এলাকার লোকজন বারবার সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন। উন্নয়ন ও সমন্বয় সভায় এ নিয়ে আমি কথা বলেছি। উপজেলা প্রকৌশলীকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সেতু নির্মাণ হয়নি। এতে দুই পারের ১২টি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছে।’

উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান বলেন, ওই ঘাটে সেতু না থাকার বিষয়টি জানা আছে। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে অনেক আগেই কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ হলেই সেতু নির্মাণ করা হবে।