বিদ্যুৎ বিল নিয়ে কটূক্তির পর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

আদালতপ্রতীকী ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহর (২০) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাতকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দার আলীর ছেলে।

আরও পড়ুন

আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম মামলার শুনানি শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা জামিন চেয়েছিলাম, তাঁর জামিন নামঞ্জুর করেছে। সিফাত আবদুল্লাহ বিদ্যুৎ নিয়ে, জ্বালানিসংকট নিয়ে যে বক্তব্যের কারণে বা গালিগালাজের কারণে আলোচনায় এসেছে, সে বিষয় এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয় তোলেনি। ৪ জুনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাত আবদুল্লাহর কোনো সম্পর্ক নেই। এটি রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।’

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। আজ তাঁর পক্ষে আইনজীবীরা জামিন চান, তবে বিজ্ঞ আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন। সিফাত ৫ আগস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন, তা এখনো অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন

সিফাত আবদুল্লাহকে এনসিপির সক্রিয় কর্মী দাবি করেন দলের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলীর নাছের খান। তিনি বলেন, সিফাত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর আন্দোলনের ছবি, ভিডিও সবই আছে। এখন তাঁকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এটি একধরনের নতুন ফ্যাসিজমের অংশ।