চট্টগ্রামে বিএনপি প্রার্থীর পথসভার পাশে পটকা ফাটিয়ে পালিয়ে যান যুবক
চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর পথসভার পাশে দুটি পটকা ফাটানো হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার বোয়ালখালীর পূর্ব কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পূর্ব কধুরখীল এলাকায় একটি স্কুলের পাশে আমরা পথসভা করছিলাম। ওই সময় এক যুবক এসে পথসভা থেকে আনুমানিক ৫০ গজ দূরে দুটি পটকা ফাটিয়ে চলে যান। তবে আমাদের কেউ হতাহত হয়নি। আমার সঙ্গে দুজন গানম্যান ছিলেন। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে যায়।’
কে বা কারা করতে পারেন, এ প্রশ্নের উত্তরে এরশাদ উল্লাহ বলেন, প্রতিপক্ষের কেউ হয়তো করতে পারেন। পুলিশ তদন্ত করে জড়িতদের বের করুক।
জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। কোনো আলামত পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগে গুলির ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে থাকা ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন এরশাদ উল্লাহসহ আরও পাঁচজন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি প্রার্থী বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করার সময় তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ কয়েকটি গুলির শব্দ শুনে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় গুলিতে নিহত হন সরোয়ার। তাঁর বিরুদ্ধে হত্যা–চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা ছিল। এ ঘটনায় করা মামলায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করলেও সেই বাঁ–হাতি শুটারকে এখনো ধরতে পারেনি পুলিশ।