খাঁ খাঁ করছে বোরোর মাঠ

পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কাছে গত শনিবার সন্ধ্যা সাতটায় হাওর রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে একটি স্মারকলিপি দেওয়া হয়।

পানির অভাবে এখনো শুকনা বোরো জমি। পানি থাকলে এ জমি বোরো রোপণের জন্য প্রস্তুত করা হতো। গত রোববার মৌলভীবাজার সদর উপজেলার মান্দারবনের বড়কাপনেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধান চাষের মৌসুম চলছে এখন। হালি চারা তৈরি করে রোপণের অপেক্ষাও করছেন কৃষক। চারা জমিতে বাড়ছে হালির বয়সও। কিন্তু পানির অভাবে জমি চাষ ও হালি চারা রোপণ সম্ভব হচ্ছে না। পানির জন্য খাঁ খাঁ করছে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের মনু নদ সেচ প্রকল্প এলাকার প্রায় ১২টি গ্রামের ৩ শতাধিক একর ফসলের জমি।

এদিকে মাঠে দ্রুত পানির ব্যবস্থা করতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকার কৃষকেরা। গত শনিবার সন্ধ্যা সাতটায় পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কাছে তাঁর (নির্বাহী প্রকৌশলী) কার্যালয়ে হাওর রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, সদস্য খছরু চৌধুরী, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজন আহমদ, জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দীসহ প্রায় ২৫ জন স্থানীয় কৃষক।

মনু নদ ভরে ক্যানেলে পানি আসছে। পরিষ্কারের কাজ হয়ে গেলে তিন-চার দিনের মধ্যে কৃষকেরা পানি পেয়ে যাবেন
মো. জাবেদ ইকবাল, নির্বাহী প্রকৌশলী, পাউবো

স্মারকলিপিতে বলা হয়, মনু নদ সেচ প্রকল্পের আওতাভুক্ত সদর উপজেলার একাটুনা ও আখাইলকুড়া ইউনিয়নের ১১ থেকে ১২টি গ্রামের কৃষক পানির অভাবে এখনো বোরো ধানের চাষাবাদ শুরু করতে পারেননি। চাষের এই ভরা মৌসুমে এখন পর্যন্ত পানি সরবরাহ না হওয়াতে কৃষকেরা অনিশ্চয়তার মধ্যে আছেন। হালি চারা রোপণের সময় দ্রুত চলে যাচ্ছে। হালি চারারও বয়স বাড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজন আহমদ গত রোববার প্রথম আলোকে বলেন, বোরো চাষের ওপর নির্ভরশীল কৃষকের জন্য এখন প্রতিটি দিনই খুব গুরুত্বপূর্ণ। রোপণে যত দেরি হবে, তত হালি চারার বয়স বাড়বে। হালি চারার বয়স বাড়ার কারণে ফসলের উৎপাদন কমে যাবে। এখন চাষাবাদে অনেক খরচ। ফসল কম পেলে কৃষকদের পক্ষে খরচ তোলাই কঠিন হবে। এতে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কৃষক ও ভালো ফসলের স্বার্থে বোরো চাষ নিশ্চিত করতে দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।

এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, একাটুনা ও আখাইলকুড়া এলাকায় মনু নদ সেচ প্রকল্পের সেচ খালের বিভিন্ন স্থানে ঘাস, কচু, কচুরিপানা, মাটি ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। দেড়-দুই ফুট লম্বা ঘাস গজিয়ে উঠেছে। কোথাও সেচ খালের মধ্যে বাঁধ দিয়ে চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে। খালের শেষের দিকের অংশ উঁচু হয়ে থাকায় মনু নদের মনু ব্যারাজে কপাট ফেলা হলেও এলাকার কৃষকেরা পানি পাবেন না। এত বাধা ডিঙিয়ে পানি খালের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে না। কয়েক বছর ধরেই পানি নিয়ে এই টানাপোড়েন চলছে। বোরো চাষের মৌসুমে স্থানীয় কৃষকেরা ঘাস, আগাছা সাফ করে জমিতে পানি নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পর্যাপ্ত পানি পাওয়া যায় না। রোপণ করা ধান পানির অভাবে লাল হয়ে যায়। ফসল ভালো হয় না। বোরো মৌসুমটিতে কৃষকেরা পানি নিয়ে রীতিমতো যুদ্ধ করেন। একাটুনা ও আখাইলকুড়া ইউনিয়নের একাটুনা, কচুয়া, রায়পুর, বড়কাপন, বানেশ্রী, পাড়াশিমইল, কান্দিগাঁও, সানন্দপুর, জুমাপুর, জগৎপুর, কাদিপুরসহ হাওরপারের তিন শতাধিক একর বোরো চাষের জমি পানির জন্য খাঁ খাঁ করছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ‘আমি এখন এই এলাকাতেই (একাটুনা এলাকা) আছি। ক্যানেলে কিছু সমস্যা আছে। ক্যানেলে পানি কম যাচ্ছে। ক্যানেল পরিষ্কারের কাজ চলছে। ঠিকাদারকে বলেছি দ্রুত কাজ করতে। মনু নদের স্লুইসগেট (জলকপাট) বন্ধ আছে। মনু নদ ভরে ক্যানেলে পানি আসছে। পরিষ্কারের কাজ হয়ে গেলে তিন-চার দিনের মধ্যে কৃষকেরা পানি পেয়ে যাবেন।’