ঘরে বসে কাপড় বিক্রি করতেন, এখন দুই কারখানার মালিক মিতা চাকমা
একসময় শহর থেকে কাপড় কিনে গ্রামের বাড়ি বসে বিক্রি করতেন তিনি। স্থানীয় বাজারের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতেন বলে আশপাশের এলাকার নারীরা ছিলেন তাঁর প্রধান ক্রেতা। সেই ব্যবসা থেকেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া। এখন পাহাড়ের ঐতিহ্যবাহী পিনোন, হাদি ও গামছা তৈরির দুটি তাঁত কারখানা রয়েছে তাঁর। সেখানে কাজ করছেন ৪৮ জন।
এই উদ্যোক্তার নাম মিতা চাকমা (৫৫)। তাঁর বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির নতুন পাড়ায়। তাঁর দুটি কারখানার একটি বাড়ির পাশে, আরেকটি খাগড়াছড়ি সদরে। জমানো টাকা, গরু–ছাগল বিক্রির অর্থ ও ঋণ নিয়ে কারখানা দুটি গড়ে তুলেছেন তিনি। কারখানার নাম দিয়েছেন ‘মিতা টেক্সটাইল’।
সম্প্রতি মিতা চাকমার মহালছড়ির কারখানায় গিয়ে দেখা যায়, তাঁত বোনার খটখট শব্দে মুখর পুরো ঘর। কেউ পিনোন, কেউ হাদি, আবার কেউ গামছা বুনছেন। কেউ সুতা রং করছেন, কেউ তা তাঁতে ব্যবহারের জন্য প্রস্তুত করছেন। বিভিন্ন রঙের সুতা দিয়ে পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী এসব পোশাক তৈরি হচ্ছে।
কারখানায় বসেই কাজ তদারকি করছিলেন মিতা চাকমা। তিনি বলেন, ১৯৯১ সালে শখের বশে তাঁত বোনা শিখেছিলেন। কিন্তু তখন সেই দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ হয়নি। এ নিয়ে মনে আক্ষেপ ছিল। পরে ২০১৫ সালে রাঙামাটি থেকে পিনোন, হাদি ও গামছা এনে স্থানীয় বাজারদরের চেয়ে কিছুটা কম দামে ঘরে বসে বিক্রি শুরু করেন। এরপর আর পেছনে ফিরতে হয়নি।
মিতা চাকমা জানান, রাঙামাটি থেকে কাপড় আনতে গিয়ে তাঁতের কারখানা দেখে নিজেরও একটি কারখানা গড়ার স্বপ্ন দেখেন। একদিন স্বামী স্বদেশ প্রীতি চাকমাকে নিজের ইচ্ছার কথা জানান। স্বামীও তাতে সম্মতি দেন। এরপর নিজেদের জমানো টাকা, গরু–ছাগল বিক্রির অর্থ এবং একটি সংস্থা থেকে ঋণ নিয়ে ছয়টি তাঁত বসান। তাঁদের বাড়িতে ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি খালি ঘর ছিল। সেখানে আগে মাশরুম চাষ করতেন। সেই ঘরেই ২০২০ সালে শুরু হয় কারখানার কাজ। এরপর চলতি বছরের জানুয়ারিতে খাগড়াছড়ি শহরের বটতলীতে আরেকটি কারখানা প্রতিষ্ঠা করেন।
‘কারখানায় কাজ করে নিজের শখ পূরণ করতে পারছি। পাশাপাশি পরিবারকেও কিছু টাকা দিতে পারছি।’
শুরুটা অবশ্য কঠিন ছিল মিতা চাকমার। কাজের মান ভালো রাখতে রাঙামাটি থেকে মাসিক বেতনে দুজন অভিজ্ঞ নারী তাঁতি নিয়ে এসেছিলেন তিনি। তাঁদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করতে হয়েছে তাঁকে। পাশাপাশি এলাকার নারীদের তাঁত শেখার জন্য উৎসাহিত করতে থাকেন তিনি। শুরুতে ১০ নারী বিনা মূল্যে তাঁর কারখানা থেকে প্রশিক্ষণ নেন। তাঁদের মধ্যে চারজনকে কারখানায় কাজের সুযোগ দেওয়া হয়। পরে তাঁদের দেখাদেখি অন্য নারীরাও তাঁত শেখার আগ্রহ প্রকাশ করেন।
ধীরে ধীরে কারখানার পরিধি বাড়তে থাকে মিতা চাকমার। বর্তমানে মাইসছড়ির কারখানায় ৪০ জন এবং খাগড়াছড়ি সদরের বটতলী এলাকার কারখানায় আটজন কাজ করছেন। তাঁদের অধিকাংশই স্থানীয় এলাকার নারী।
মিতা চাকমা জানান, নতুন কর্মী নিয়োগের আগে দুই থেকে তিন মাস বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের কারখানায় কাজের সুযোগ দেওয়া হয়। তাঁত বোনার পরিমাণ অনুযায়ী অধিকাংশ কর্মীর পারিশ্রমিক নির্ধারিত হয়। কেউ একটি তাঁত বুনলে একটি তাঁতের টাকা, আবার ১০টি বুনলে ১০টির টাকা পান। কেউ কেউ মাসিক বেতনেও কাজ করেন।
বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীকে কোনো কাজে বাধা দিইনি। যখন কারখানা করার ইচ্ছার কথা বলছে, তখনো এক কথায় রাজি হয়েছিলাম। নিজের কিছু জমানো টাকাও দিয়ে দিয়েছি।
কারখানার কর্মী শিখা চাকমা মহালছড়ি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। পড়াশোনার পাশাপাশি চার বছর ধরে এ কারখানায় কাজ করছেন তিনি। প্রথম দুই মাস বিনা মূল্যে তাঁত বোনা শিখেছিলেন। এখন প্রতি মাসে ১২ থেকে ১৪ হাজার টাকা আয় করেন। জানতে চাইলে শিখা চাকমা বলেন, ‘কারখানায় কাজ করে নিজের শখ পূরণ করতে পারছি। পাশাপাশি পরিবারকেও কিছু টাকা দিতে পারছি। আগে নিজের আয়ের কোনো পথ ছিল না। এখন নিজের উপার্জন দিয়ে অনেক কিছু করতে পারছি।’
মহালছড়ি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুফান চাকমাও এই কারখানায় কাজ করেন। নবম শ্রেণিতে পড়ার সময় পরীক্ষা শেষে একদিন কারখানায় এসে তাঁত বোনা দেখে তাঁর শেখার আগ্রহ তৈরি হয়। পরদিন থেকেই তাঁত চালানো শেখা শুরু করেন। এখন পড়াশোনার পাশাপাশি কাজ করে প্রতি মাসে প্রায় সাত হাজার টাকা আয় করছেন।
মিতা চাকমা বলেন, তাঁর কারখানায় প্রতিদিন পিনোন–হাদির ৪০ থেকে ৫০টি সেট তৈরি হয়। শহর ও শহরের বাইরের বিভিন্ন এলাকায় এসব কাপড়ের চাহিদা রয়েছে। বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে কাপড় কিনে নিয়ে যান। বেশির ভাগ সময় আগাম ফরমাশ থাকে। তবে কেউ সরাসরি কারখানায় এলে খুচরা বিক্রিও করেন তিনি।
কারখানায় ব্যবহারের জন্য নরসিংদী থেকে সাদা সুতা সংগ্রহ করেন মিতা। পরে কারখানায় সেগুলো বিভিন্ন রঙে রাঙানো হয়। সেই সুতা দিয়ে তৈরি হয় সুতি পিনোন–হাদি ও গামছা। বর্তমানে তাঁর দুই কারখানা মিলিয়ে প্রতি মাসে ১৫ থেকে ১৬ লাখ টাকার কাপড় বিক্রি হয়। কর্মীদের বেতন–ভাতা, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বাদ দিয়ে মাসে তাঁর আয় থাকে এক থেকে দেড় লাখ টাকা।
নিজের ইচ্ছার কথা জানিয়ে মিতা চাকমা বলেন, ভবিষ্যতে উৎপাদনের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি খাগড়াছড়ি শহরকেন্দ্রিক ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখছেন। এলাকার, বিশেষ করে নারীদের আরও কাজের সুযোগ তৈরি করতে চান তিনি।
মিতা চাকমার এ কাজে সহযোগিতা করে তাঁর পরিবার। সংসারে তাঁর স্বামী, দুই ছেলে ও এক ছেলের বউ রয়েছে। জানতে চাইলে স্বামী স্বদেশ প্রীতি চাকমা বলেন, ‘বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীকে কোনো কাজে বাধা দিইনি। যখন কারখানা করার ইচ্ছার কথা বলছে, তখনো এক কথায় রাজি হয়েছিলাম। নিজের কিছু জমানো টাকাও দিয়ে দিয়েছি। নারীরা যদি ভালো কাজ করতে চায় কিংবা ভালো কাজ করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা উচিত।’
ব্যবসার পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে প্রথমে উপজেলা পর্যায়ে এবং পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন মিতা চাকমা। জানতে চাইলে খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা বলেন, মিতা চাকমা সহযোগিতা চাইলে তাঁর উৎপাদিত পণ্য অধিদপ্তরের বিপণনকেন্দ্রে বিক্রির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তাঁকে ঋণসহায়তা দেওয়ার বিষয়েও সহযোগিতা করা হবে।