হাসনাতকে নিয়ে পোস্টের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সংগঠনের যোগাযোগবিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আজ শনিবার রাত আটটায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা সম্প্রতি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে শাহরিয়ার উদ্দিন ফাহাদ লিখেছিলেন, ‘দল–মত যা–ই হোক, এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবীদ্বারের ছেলেরা এখন হাসনাত হতে চায়।’
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কারের বিষয়ে সংগঠন থেকে আমাকে কোনো কারণ জানানো হয়নি। আর এ বিষয়ে আমি এখন ভাবছি না। এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল।’