জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

পুলিশ লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। আজ শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া এলাকারছবি: প্রথম আলো

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে ধাওয়া করে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে নুর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বাসিন্দা। আহত দুজন হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের রফিকুল (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ছোট নৌকায় করে ওই তিনজন যমুনা নদীর ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যান। এ সময় স্থানীয় জেলেরা তাঁদের ডাকাত সন্দেহে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে তাঁরা প্রথমে গুঠাইল এলাকায় পৌঁছান। সেখানকার লোকজনও তাঁদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় তিনজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। সেখানে তাঁদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল।

খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত দুজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।