বগুড়ায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলা
বগুড়ায় এক মোটরসাইকেলচালককে মারধরের প্রতিবাদ করায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জোজিফ হোসেন ওরফে প্রতীকের ওপর (৩১) হামলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় এ হামলা হয়। জোজিফ হোসেন টেলিভিশন চ্যানেলটির বগুড়া ব্যুরো কার্যালয়ের প্রতিবেদক। তাঁকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত জোজিফ হোসেন অভিযোগ করেছেন, মারধরের পর হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন ছিনতাই করে নেন। পরে সাংবাদিক পরিচয় দিলে সেগুলো ফেরত দেওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে দুজনকে শনাক্ত করা গেছে। তাঁরা ঠনঠনিয়া এলাকার একটি দোকানের কর্মচারী। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীরা সংখ্যায় কতজন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের চিহ্নিত করার পর আইনের আওতায় আনা হবে।
হামলার শিকার সাংবাদিক জোজিফ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী শহরের খান্দার এলাকার একটি ক্লিনিকে ভর্তি আছেন। সে জন্য আজ বেলা দেড়টার দিকে তিনি অফিস থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে ওই ক্লিনিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় দেখতে পান, কয়েকজন পথ রোধ করে একজন মোটরসাইকেলচালককে মারধর করছেন। তিনি ওই ব্যক্তিদের মারধরের কারণ জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা তাঁর ওপরও চড়াও হন এবং হেলমেট খুলে তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁর মোটরসাইকেলের চাবি ও মুঠোফোন কেড়ে নেন। পরে সাংবাদিক পরিচয় দেওয়ার পর সেগুলো ফেরত দেওয়া হয়।
জোজিফ হোসেন আরও বলেন, ‘হামলাকারীরা সংখ্যায় সাত-আটজন ছিলেন। তাঁদের মধ্যে একজন এলাকার মুখচেনা সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি। পরে পুলিশ এসে উদ্ধার করে আমাকে হাসপাতালে পাঠায়। এখন হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঠনঠনিয়া পশ্চিমপাড়ার ওই সড়কে একজন রিকশাচালকের সঙ্গে অজ্ঞাতনামা একজন মোটরসাইকেলচালকের বাগ্বিতণ্ডা বাধে। ওই রিকশার যাত্রী ছিলেন ঠনঠনিয়া এলাকার একজন নারী। বাগ্বিতণ্ডার একপর্যায়ে নারী যাত্রী রিকশাচালকের পক্ষ নিয়ে মোটরসাইকেলচালকের সঙ্গে তর্কে জড়ান। এ সময় ওই মোটরসাইকেলচালক নারীকে জড়িয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। তখন নারী তাঁর স্বামী, দেবরসহ দোকান কর্মচারীদের ডাকলে তাঁরা এসে মোটরসাইকেলচালকের ওপর চড়াও হন। এ সময় ওই পথ দিয়েই যাচ্ছিলেন সাংবাদিক জোজিফ হোসেন। তিনি মোটরসাইকেলচালককে আটকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে তাঁর সঙ্গেও বিতণ্ডা বাধে। একপর্যায়ে তাঁদের মধ্যে দুজন জোজিফকে মারধর করেন।