চট্টগ্রামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজার ১৬ বছর পর গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানার পুলিশ। তাঁর নাম আয়ুব আলী (৭০)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি তাঁর।
পুলিশ জানায়, ২০০১ সালের নভেম্বরে জমি নিয়ে বিরোধের জেরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরখান চৌধুরীপাড়া এলাকায় মাহমুদুল হককে হত্যা করা হয়। এ ঘটনার চার মাস পর ২০০২ সালের মার্চে মাহমুদুল হকের বড় ভাই ব্যবসায়ী জানে আলমকেও কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। জানে আলম তাঁর ছোট ভাই মাহমুদুল হক হত্যা মামলার সাক্ষী ছিলেন। আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ২০০৭ সালে জানে আলম হত্যা মামলায় পলাতক আয়ুব আলীসহ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরবর্তী সময়ে হাইকোর্টে আয়ুব আলীসহ ১০ জনের ফাঁসির রায় বহাল থাকে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে আইয়ুব আলীর অবস্থান ও পরিচয় শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।