দীর্ঘ প্রায় দুই দশক পর ২০ এপ্রিল পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নেতা-কর্মীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে।
বাগবাড়ীর কৃষক ইন্দাজ আলী উৎসাহ নিয়ে বলেন, ‘কুড়ি বছর পর হামাকেরে ঘরের ছল ঘরে ফিরিচ্চে, তাও দ্যাশের প্রধানমন্ত্রী হয়্যা। ম্যালা দিন পর ঘরের ছল বিদেশ থ্যেকে ঘরত ফিরলে জিংকা খুশি লাগে, সিংকা খুশি লাগিচ্চে। হামাকেরে ছলডা হামাগরক ফ্যামিলি কার্ড দিবি, খাল খনন করবি, হাসপাতালটাতে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করে দিবি, হামাকেরে ম্যালা উপকার হবি।’
একই এলাকার ব্যবসায়ী এমদাদ আহমেদ বলেন, ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দশক পরে ঘরে ফিরছেন—এ খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী। শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি—এই অপরাধে দীর্ঘ ১৭ বছরে বাগবাড়ীর কোনো উন্নয়ন হয়নি। এখন ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এলাকাবাসীর একটাই দাবি, বাগবাড়ীকে যেন উপজেলা ঘোষণা করা হয়। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সরকারীকরণ, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্থাপনসহ বেশ কিছু দাবি তুলেছেন এলাকাবাসী।
জানা গেছে, সেদিন বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন প্রথম আলোকে বলেন, দীর্ঘ দুই দশক পর প্রধানমন্ত্রী ২০ এপ্রিল তাঁর পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ী সফরে আসছেন। সবশেষ তিনি ২০০৬ সালের ২৪ ডিসেম্বর পৈতৃক বাড়িতে এসেছিলেন। দীর্ঘ ২০ বছর পর ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ঘরে ফেরায় এলাকায় সাজ সাজ রব পড়েছে।
একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সেদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। সকাল সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইনস মাঠের হেলিপ্যাডে অবতরণ করে সেখান থেকে গাড়িতে জেলা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছাবেন বেলা পৌনে ১১টায়। সেখানে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সড়কপথে তিনি গাবতলীর বাগবাড়ী গ্রামে যাবেন। দুপুর পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেই সঙ্গে বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা পৌনে ১টায় বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্বোধন করবেন। বেলা ২টায় পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে তিনি সড়কপথে বগুড়া সার্কিট হাউসে যাবেন। বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, বগুড়া-৬ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ তাঁরা জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী নিজেই ২০ এপ্রিল বগুড়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। সফরকালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের পৈতৃক বাড়ি (জিয়াবাড়ি) পরিদর্শন করবেন।