চট্টগ্রাম বন্দরে কনটেইনার রাখার বাড়তি চার গুণ ভাড়া স্থগিত

চট্টগ্রাম বন্দরফাইল ছবি

আমদানি হওয়া পণ্যভর্তি কনটেইনার (এফসিএল) রাখার বাড়তি চার গুণ ভাড়া আদায় স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বন্দর এক আদেশে এ কথা জানায়। ১০ মার্চ থেকে স্বাভাবিক ভাড়ার ওপর চার গুণ জরিমানা আদায় করে আসছিল বন্দর।

আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমদানি করা পণ্যভর্তি কনটেইনারের (এফসিএল) সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। এতে বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১০ মার্চ চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুরের আইসিডিতে থাকা কনটেইনারের ওপর চার গুণ ভাড়া আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ২৩ আগস্ট থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আরোপিত বাড়তি গুদাম ভাড়া আদায় স্থগিত থাকবে। আগামী ১ মাস কনটেইনারের জট-পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করা হবে। বন্দরে কনটেইনার রাখার জন্য তিন স্তরে ভাড়া আদায় করে কর্তৃপক্ষ।

জানতে চাইলে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বাড়তি ভাড়া বাড়ানোর আদেশ স্থগিত হওয়ায় আপাতত চাপ কমবে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।