মৌলভীবাজারে ডালে ডালে মায়াবী ‘রক্তকাঞ্চন’

শান্তিবাগ ওয়াকওয়েতে আসা মানুষ মুগ্ধ হন রক্তকাঞ্চনের সৌন্দর্যে। মৌলভীবাজারের মনু নদের পাড়ে শান্তবাগ ওয়াকওয়েতেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে তখন সকাল। হালকা কুয়াশা গায়ে মেখে উড়ছে মাঘ মাসের হিমেল হাওয়া। ততক্ষণে অনেক মানুষের ঘুম ভেঙে গেছে। কেউ বের হয়েছেন স্বাস্থ্য সুরক্ষায়, প্রাতর্ভ্রমণে। কেউ ছুটছেন কাজের ক্ষেত্র, গন্তব্যের দিকে। মনু নদের একখণ্ড তীর তখন কিছু স্বাস্থ্যসচেতন মানুষের হাঁটাচলা, শারীরিক ব্যায়াম ও শরীরচর্চাতে পাখির পালক হয়ে কাঁপছে। সকালের স্তব্ধতা একটু একটু করে ভাঙছে।

মৌলভীবাজার শহর-সংলগ্ন মনু নদের তীরে ‘শান্তিবাগ ওয়াকওয়ে’ যা এরই মধ্যে অনেকের কাছে একটুকরা ‘নিশ্বাসের জানালা’ হয়ে গেছে। এখানে সকাল মানেই অনেক নারী-পুরুষের ভিড়, অনেক মানুষের নিরাময় খোঁজার ক্ষেত্র। সকালের রোদ গায়ে আঁচড় না কাটা পর্যন্ত অনেক মানুষ এই স্থানে শরীরের বাড়তি মেদ ঝরাতে নানা কসরত করে চলেন।

আর এখানেই এখন সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ফুটে আছে অনেকগুলো রক্তকাঞ্চন। সকালের আলো মাখা এই ফুলগুলোতে স্থির হয়ে আছে শিশুর সারল্য। তারা হাওয়ায় দুলছে, রোদ পেয়ে হাসছে। একদিকে ফুটে থাকা রক্তকাঞ্চন, পাশেই ধীরস্থির জলের রেখা বুকে নিয়ে বইছে মনু নদ। জল নেমে গেছে। মনুর বুকে জেগে উঠেছে দীর্ঘ বালুচর। মনুর আকাশে উড়ছে শঙ্খচিলের দল। পানিতে ভেসে থাকা কিছুকে খাদ্য ভেবে ছোঁ দিয়ে ঠোঁটে তুলে নিচ্ছে। ওয়াকওয়ের সবুজ ঘাসে, মনু নদের তীর ঘেঁষে হিজল-জারুলের ডালে ডালে শালিক, বুলবুলি, ফিঙেরা ওড়াউড়ি করছে, শীতে ঝিম ধরে বসে আছে। কেউ কাছে গেলে উড়ে যাচ্ছে। সকালের স্তব্ধতার ভেতর প্রাণ-প্রকৃতির নিবিড় সম্পর্কের সে এক পুরোনো বন্ধন।

বুধবারের সকালটা মাঘ মাসের হলেও অতটা শীতকাতর ছিল না। ‘মাঘের শীতে বাঘ পালায়’ এই প্রবাদ-প্রবচন হয়তো কোনো একটা সময়ে এ রকমই ছিল। মাঘের শীতে বাঘদেরও রেহাই ছিল না। শীতের কামড় সইতে হয়েছে বাঘদেরও, তাদের চামড়ায় হিমের সূচ ফুটেছে। এখনো মাঝেমাঝে হয়তো এমন শীত নামে। জীবনানন্দ দাশের কবিতার মতোই সেই শীত আসে, ‘এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;/ বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা,/ কিংবা পেঁচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো।’...শীত যা–ই থাক, মাঘের তো আর বদল হয়নি।

‘শান্তিবাগ ওয়াকওয়েতে’ তখনো হালকা কুয়াশা ছিল, অতটা তীব্র না হলেও মাঘের হিমেল হাওয়া যে বইছে, তা টের পাওয়া যায়। অনেকেরই মাথা মাফলার, হুডিতে মোড়া। শরীর আঁকড়ে আছে গরম কাপড়ে। ওয়াকওয়েতে অনেক জাতের ফুলের গাছ। তবে এখন, এই সময়ে বেশির ভাগ গাছেই ফুল নেই। খুব বেশি দিন হয়নি এসব গাছের বয়স। ফুল আসতে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু এক সারি রক্তকাঞ্চনের গাছ শীতের এই জবুথবু ভাবকে একটুও গায়ে মাখেনি। কিছুটা লম্বাটে গোলগাল সবুজ পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য ফুল পাপড়ি মেলেছে, হাওয়া পেলেই দুলে উঠছে। এ যেন ‘আমার সকল গান তোমাকে লক্ষ্য করে...।’ শান্তিবাগ ওয়াকওয়েতে আসা মানুষদের মুগ্ধ করতেই হয়তো একসঙ্গে এত ফুলের জেগে ওঠা, হেসে ওঠা, এত চুপচাপ কানাকানি।

মৌলভীবাজার সদরে মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে রক্তকাঞ্চন। বুধবার সকালে
ছবি: প্রথম আলো

দেখা গেছে, বেশ কিছু কাঞ্চন ফুলের গাছ ওয়াকওয়েতে লাগানো হয়েছে। কিছু আছে সারি ধরে, কিছু বিক্ষিপ্তভাবে অন্য ফুলের মাঝে মাঝে। সারি ধরা গাছগুলোর বেশ কটিতে ফুল ফুটেছে। একসঙ্গে অনেকগুলো ফুল। বড় বড় পাপড়ি মেলে কোনোটি একা, কোনোটি থোকায় থোকায়। গাছগুলোর অনেক শাখাতেই ফুলের কুঁড়ি ধরে আছে। অনেকগুলো কুঁড়ি আধফোটা অবস্থায় আছে। হয়তো এক-দুদিনের মধ্যে তারাও ফুটে যাবে। আরও একটা রাত, নয়তো আরও একটা দিন পরই তারাও অন্যগুলোর মতো হাসতে পারবে, এখন সেই অপেক্ষাই কুঁড়িদের। তাদের যে ফুটতেই হয়।

পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে শান্তিবাগ ওয়াকওয়েতে অনেক ধরনের ফুল, পামসহ শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়। এর মধ্য থেকেই রক্তকাঞ্চন অমন করে চোখ খুলেছে, হেসে উঠেছে। অন্যগুলোও আগে-পিছে হয়তো এ রকমই চোখ খুলবে, হাসবে।