ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামতে সহায়তা পেলেন ভ্যানচালক আনন্দ দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘর মেরামতের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া ঢেউটিন পেয়েছেন ভ্যানচালক আনন্দ দাস। আজ সোমবার নাটোর জেলা ত্রাণগুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে
ছবি: প্রথম আলো

নাটোরের গুরুদাসপুরে ঝড়ে বিধ্বস্ত ভ্যানচালক আনন্দ দাসকে (৬৪) সহায়তা করেছে জেলা প্রশাসন। ঘর মেরামতের জন্য তাঁকে দুই বান্ডিল (১৬টি) ঢেউটিন ও ৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে আনন্দ দাস ও তাঁর স্ত্রী রিপা রানী দাসের হাতে ঢেউটিন ও টাকা তুলে দেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা।

গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামে আনন্দ দাসের বাড়ি। ভ্যান চালিয়ে তিনি সংসার চালান। আড়াই শতক জমির ওপর টিনের ঘর তুলে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে থাকেন তিনি। ১৬ মে সন্ধ্যায় কালবৈশাখীতে ঘরটি ভেঙে পড়ে। তবে আর্থিক সংকটের কারণে ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামত করতে পারেননি তিনি। এ বিষয়ে ১৯ মে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘মেরামতের সামর্থ্য নেই, ঝড়ে বিধ্বস্ত ঘরে পরিবার নিয়ে থাকছেন ভ্যানচালক আনন্দ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

জেলা প্রশাসনের অনুদান পাওয়ার পর আনন্দ দাস বলেন, তাঁর বসবাসের একমাত্র ঘরটি বিধ্বস্ত হলেও টাকার অভাবে সংস্কার করতে পারেননি। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আমিরুল ইসলাম নামের একজন চিকিৎসক তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁরা বসতঘরটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় তাঁর দপ্তরে ডেকে সোমবার জেলা প্রশাসকের দপ্তরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

আনন্দ দাস আরও বলেন, মিস্ত্রি, বাঁশ-কাঠ, লোহাসহ আনুষঙ্গিক মিলে ঘর মেরামতে ব্যয় হবে প্রায় ৪০ হাজার টাকা। এত টাকা জোগাড় করার সামর্থ্য তাঁর নেই। ভ্যান চালিয়ে দিনে ৩০০-৪০০ টাকা আয় হয়। এই টাকায় সংসার চালানো কঠিন। এ ছাড়া তাঁদের তিন ছেলেমেয়ে বিদ্যালয়ে পড়ে। চিকিৎসক আমিরুল ইসলাম তাঁদের ঘরটি সংস্কারসহ মেয়েদের থাকার জন্য পৃথক একটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।