ধামরাইয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ে খেলার মাঠের জন্য আবেদন করে এক ব্যক্তির জমি দখলের লক্ষে হামলা চালিয়ে বিভিন্ন ধরনের অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলা হয়েছে
ছবি: প্রথম আলো

ঢাকার অদূরে ধামরাইয়ে খেলার মাঠের জন্য আবেদন করে এক ব্যক্তির জমি দখলের লক্ষে হামলা চালিয়ে জমির সবজিবাগানসহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. শাহজাদা কবির।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের বাসিন্দা ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাটুরিয়া উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, একই গ্রামের সাজ্জাদ হোসেন, শহীদুল, শাকিল, খোরশেদ, সোলাই, আকাশ, রবিউল, আমির হামজা, ইকবাল, ছলিমসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জমি দখলচেষ্টার প্রশ্নই ওঠে না। আমি তো এলাকায়ই ছিলাম না, নয়ারহাটে শ্বশুরবাড়িতে ছিলাম। জমি দখল করতে চাইলে খেলার মাঠের জন্য আবেদন কেন করব? যে জায়গার জন্য আবেদন করেছি, তার পাশের জায়গাটি সরকারি হওয়ায় সেটি মাঠের জন্য বলা হয়। ওই জমি যিনি নিজের দাবি করছেন, তাঁর কাগজপত্র থাকলে তিনি দেখাবেন। অযথাই আমার নামে অভিযোগ তোলা হচ্ছে।’

ভুক্তভোগী শাহজাদা কবিরের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সম্প্রতি বড়নালাই গ্রামে গাজীখালি নদীপাড়ের ১৫১ নম্বর দাগের খাস জমিতে একটি মাঠ করার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন মো. আতিকুর রহমান। ওই জমি ১ নম্বর খতিয়ানের ১৫১ নম্বর দাগের। জমির পরিমাণ প্রায় ৬০ শতাংশ, যার প্রায় ৪০ শতাংশই নদীগর্ভে। জমির পাশেই এসএ খতিয়ান ২৭৬, এসএ ৮৯৫, আরএস খতিয়ান ১১৪, আরএস ১৫২ নম্বর দাগে ৭৯ শতাংশ জমি রয়েছে তাঁদের।

গত রোববার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জমি পরিদর্শন করে সীমানা নির্ধারণ করেন। সীমানার ভেতরে নিজেদের ওই ৭৯ শতাংশের মধ্যে ৪০ শতাংশ জমি থাকায় বিষয়টি ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারকে জানান তাঁরা। এ সময় ফারজানা জমির মালিক দাবিদারদের সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়ে দেন। বিষয়টি জানতে পেরে আতিকুর ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে ১৫-২০ জনকে নিয়ে শাহজাদা কবিরদের জমির লাউয়ের মাচা ভেঙে ফেলেন এবং কাঁঠালগাছসহ বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলেন।

মো. শাহজাদা কবির অভিযোগ করে বলেন, ‘খাস জমিতে মাঠ হতেই পারে। কিন্তু গত দুই-তিন দিন ধরে তারা আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। এর মধ্যে সোমবার রাতে আতিকুর রহমান ও কালুর নেতৃত্বে ১৫-২০ জন এসে হামলা চালিয়ে লাউয়ের মাচা, করলাগাছ, কলাগাছ, লেবুগাছসহ অন্য গাছগাছালি কেটে ফেলে। খেলার মাঠ করতে বাধা দিলে আমাদের মারধরের হুমকিও দেওয়া হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

ধামরাইয়ের সার্ভেয়ার মিলন হোসেন প্রথম আলোকে বলেন, আতিকুর রহমানের করা মাঠের আবেদনের পরিপ্রেক্ষিত ১৫১ নম্বর দাগের জমিতে লাল নিশান দেওয়া হয়েছে। ১৫২ নম্বর দাগের জমিতে খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। যাঁরা ওই জমি তাঁদের বলে দাবি করেছেন, তাঁদের কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। জমি তাঁদের হলে তাঁরা জমি পেয়ে যাবেন।

ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, ‘মাঠের আবেদন করা হলেও এখনো মাঠ হিসেবে সেটি বরাদ্দ দেওয়া হয়নি। ওই স্থানটিতে ব্যক্তিগত জমি রয়েছে বলে শুনেছি। আমি নিজে ওই স্থানে পরিদর্শনে যাব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘গতকাল সন্ধ্যায় জমির গাছপালা কেটে জমি দখলের চেষ্টাসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’