সুগন্ধি ধানের দামে কৃষকের মুখে হাসি

উপজেলায় কলসপাড়, যোগানিয়া, বাঘবেড় ও মরিচপুরান ইউনিয়নে এ সুগন্ধি ধানের আবাদ বেশি হয়ে থাকে।

সুগন্ধি তুলসীমালা ও চিনিগুঁড়া ধান। গতকাল নালিতাবাড়ীতে ধানের বাজারেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকেরা সুগন্ধি তুলসীমালা ও চিনিগুঁড়া ধান চাষ করে ভালো লাভের মুখ দেখছেন। দুই সপ্তাহ ধরে এ সুগন্ধি ধান বাজারে উঠতে শুরু করেছে। উৎপাদন খরচ কম হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষক ও ধান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেরপুর জেলার তুলসীমালা ও চিনিগুঁড়া চাল দেশজুড়ে বিখ্যাত। তুলসীমালা ও চিনিগুঁড়া চাল সুগন্ধি, চিকন ও সুস্বাদু। এ চালে পোলাও, বিরিয়ানি, পায়েস, খিচুড়ি, পিঠাসহ অন্যান্য খাবার তৈরি হয়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় আট হাজার হেক্টর জমিতে তুলসীমালা ও চিনিগুঁড়া ধানের আবাদ হয়েছে। উপজেলায় কলসপাড়, যোগানিয়া, বাঘবেড় ও মরিচপুরান ইউনিয়নে এ সুগন্ধি ধানের আবাদ বেশি হয়ে থাকে। এ মৌসুমে খেতে পোকামাকড়ের আক্রমণ না থাকায় ও আবহাওয়া ভালো থাকায় অল্প খরচেই কৃষকেরা ফলন ঘরে তুলতে পেরেছেন। এক একর জমিতে এ সুগন্ধি ধান চাষ করতে (কাটা-মাড়াইসহ) খরচ পড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা। আর ধান পাওয়া যায় ৩৫ থেকে ৪০ মণ। সে হিসাবে কৃষকের লাভ থাকে ৪০ থেকে ৫০ হাজার টাকা।

কলসপাড় গ্রামের কৃষক আবেদ আলী বলেন, তিনি এ বছর দুই একর জমিতে তুলসীমালা ধানের আবাদ করেন। ধান লাগানো থেকে কাটা পর্যন্ত একরপ্রতি তাঁর খরচ হয়েছে ১৮ হাজার টাকা। প্রতি একরে তিনি ধান পেয়েছেন ৪০ মণ। বাজারে প্রতি মণ ধান বিক্রি করেছেন ২ হাজার ২০০ টাকা। তিনি বলেন, ‘বাজারে এ ধানের চাহিদা অনেক বেশি রয়েছে। কৃষকেরা দামও ভালো পাচ্ছেন। এতে আমরা খুশি।’

মরিচপুরান গ্রামের কৃষক আফসার উদ্দিন বলেন, ‘বাজারে সুগন্ধি ধানের দাম ভালো থাকায় আমার মতো কৃষকেরা দারুণ খুশি।’

নালিতাবাড়ী বাজারের সুগন্ধি ধানের আড়তদার মেসার্স খালেদা এন্টারপ্রাইজের মালিক আবদুল বাতেন বলেন, দুই সপ্তাহ ধরে তুলসীমালা ও চিনিগুঁড়া ধান বাজারে উঠতে শুরু করেছে। তুলসীমালা ২ হাজার ২০০ ও চিনিগুঁড়া ১ হাজার ৯০০ টাকা মণ হিসাবে বিক্রি হচ্ছে। এই সুগন্ধি ধানের বাজারে চাহিদা থাকায় কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, সুগন্ধি ধান তুলসীমালা ও চিনিগুঁড়া চালের দেশজুড়ে খ্যাতি রয়েছে।