সিলেটে দুপুরে রাজপথে আওয়ামী লীগ, বিকেলে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার নগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। নগরীর জিন্দাবাজার এলাকায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে
ছবি: আনিস মাহমুদ

সিলেটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আজ মঙ্গলবার দুপুরে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করেছে। এতে দল ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। আর বেলা দুইটার দিকে বিএনপি নগরের রেজিস্টারি মাঠ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা শুরু করেছে।

দুপুর ১২টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা শুরু হয়। নগরের রেজিস্টারি মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও অগ্রযাত্রার স্বার্থেই বারবার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অথচ একটা গোষ্ঠী সারাক্ষণ দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে মিথ্যাচার করছে। এ চিহ্নিত গোষ্ঠীকে বর্জন করতে হবে।

রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এরপর দুটি দলই একাধিক প্রস্তুতি বৈঠক করে। পরে পূর্বঘোষিত এ কর্মসূচি আজ দুপুরে আওয়ামী লীগ পালন করেছে। অন্যদিকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেলা দুইটায় পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে।