ব্রাহ্মণবাড়িয়ায় শিশু আবু বক্কর হত্যা মামলার প্রধান আসামির স্বীকারোক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু আবু বক্কর ওরফে মাইনুল হাসানকে (৫) গলা কেটে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি মো. সাব্বির (২০)। আজ শনিবার সন্ধ্যায় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরিন আহমদ তাঁর জবানবন্দি নথিভুক্ত করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবু বক্কর শহরের কান্দিপাড়ার মাইমলহাটি এলাকার মো. হাসান মিয়ার ছেলে। নিহত শিশু ও আসামি সাব্বির প্রতিবেশী। গতকাল শুক্রবার রাতে আসামি সাব্বিরের মামার বাড়ির সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় শিশু আবু বক্করের গলাকাটা লাশ উদ্ধার হয়।
ঘটনার পর গতকাল রাতেই সাব্বিরসহ তাঁর পরিবারের ছয়জনকে আটক করে পুলিশ। পুলিশ হেফাজতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় সাব্বিরকে আটক রেখে বাকিদের ছেড়ে দেয় পুলিশ। সাব্বির শহরের আনন্দ বাজারে মাছ কাটার কাজ করতেন। পাশাপাশি সংস্কৃতিচর্চার সঙ্গেও জড়িত ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
আজ সকালে নিহতের বাবা হাসান বাদী হয়ে সাব্বিরকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে বিকেলে সাব্বিরের মা রাশি বেগম, বোন তারমিনা বেগম ও রুবিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বেলা সাড়ে তিনটার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জবানবন্দির বরাত দিয়ে ওসি এমরানুল ইসলাম বলেন, নিহত আবু বক্কর ও আসামি সাব্বির একই এলাকার বাসিন্দা। তাঁদের বাসা পাশাপাশি। নিহত আবু বক্কর প্রায়ই সাব্বিরকে উত্ত্যক্ত করতেন। বিভিন্ন সময় সাব্বিরকে দেখে হাসাহাসি করত আবু বক্কর। সাব্বির এ নিয়ে তার ওপর বিরক্ত ছিলেন। কয়েক মাস আগে সাব্বিরের কপালে ঢিল ছুড়ে মারে ওই শিশু। এতে কপালে আঘাত পান সাব্বির। ওই শিশুর দুষ্টুমি, উত্ত্যক্ত, ঠাট্টা ও হাসাহাসিতে বিরক্ত হয়ে সাব্বির তাকে হত্যার পরিকল্পনা করেন।
ওসি এমরানুল হক আরও বলেন, গতকাল সন্ধ্যায় সাব্বিরের বাসার সামনে যায় শিশু আবু বক্কর। তখন সাব্বিরের ঘরের দরজা খোলা ছিল। তিনি ওই শিশুকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে স্টিলের চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন তাকে। লাশ একটি বস্তায় ভরে মামা মাসু মিয়ার বাড়ির সামনে নলকূপের গোড়ায় রেখে দেন।
মামলার সংক্ষিপ্ত এজাহার থেকে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আবু বক্কর বাড়ির পাশের একটি দোকানে চকলেট কিনতে যায়। দীর্ঘক্ষণ পরেও সে বাড়ি না ফেরায় স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে সাব্বিরের মামা মাসু মিয়ার বাড়ির সামনে নলকূপের পাশে একটি বস্তা দেখতে পান স্বজনেরা। বস্তা খুলতেই আবু বক্করকে গলাকাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন প্রথম আলোকে বলেন, রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরসহ ছয়জনকে থানায় আনা হয়েছিল। সাব্বির হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় বাকিদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু শনিবার নিহতের পরিবারের অভিযোগের পর সাব্বিরের মা ও দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে।