কাপাসিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার, পরে উধাও

গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুভ উদ্বোধন লেখা ব্যানার। আজ রোববার সকাল ৯টার দিকে তোলাছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার টানানো হয়েছে। তবে কিছু সময়ের মধ্যেই সেটি উধাও হয়ে গেছে।
আজ রোববার সকালে উপজেলা সদরে অবস্থিত কার্যালয়ে ব্যানারটি দেখা যায়। এরপর সকাল সাড়ে ৯টার পর ব্যানারটি আর দেখা যায়নি।

টানানো ব্যানারটির ওপরের এক পাশে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং আরেক পাশে ছিল শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। এ ছাড়া সেখানে লেখা ছিল ‘দীর্ঘ ১৮ মাস পর কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন’। ব্যানারের নিচে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজার নাম ও ছবি ছিল।

দলীয় কার্যালয়ের কাছের একজন দোকানি বলেন, স্থানীয় এক ভ্যানচালক তাঁকে জানিয়েছেন, আজ সকালে কার্যালয়ের সামনে একটি ব্যানার দেখতে পেয়েছেন তিনি। তবে তিনি সকাল সাড়ে ৯টার দিকে ব্যানারটি আর দেখেননি।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, রাতে কোনো এক সময়ে ব্যানারটি টানানো হয়ে থাকতে পারে। সকালে সেখানে গিয়ে ব্যানারটি তাঁরা দেখতে পাননি।