বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। গতকাল বুধবার সকালে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেছবি: প্রথম আলো

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ শনাক্তের পর ১২ রোগীর মৃত্যু হলো। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বছরের শুরুর দিকেই হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় সীমিতসংখ্যক শিশু আসতে থাকে। মার্চে এই সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পায়। একই সঙ্গে মৃত্যুর ঘটনাও ঘটে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ১০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮০ রোগী। তাদের মধ্যে ৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজ দুপুরে প্রথম আলোকে বলেন, শিশুদের মধ্যে এভাবে হামের সংক্রমণ আগে দেখা যায়নি। বিভাগের মধ্যে আগে বরগুনায় প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও এখন পটুয়াখালীতেও সমানভাবে বাড়ছে। হামে আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে হামের উপসর্গের রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। তাঁরা বিভাগের বেশি আক্রান্ত এলাকাগুলোয় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছেন। আশা করছেন, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে।