গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের পশ্চিম ভূরুলিয়া এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক।

নিহত গৃহবধূর নাম মোছা. নূরী (১৮)। তিনি কুড়িগ্রামের মুন্সিপাড়া মরাকাটা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। নূরী গাজীপুর মহানগরের পশ্চিম ভূরুলিয়া এলাকায় ভাড়া বাসায় তাঁর স্বামী ইসমাইল হোসেন ওরফে পায়েলের (২৫) সঙ্গে বসবাস করে আসছিলেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নেত্রকোনার বারহাট্টা উপজেলার মধুপুর গ্রামের ইসমাইল হোসেন তাঁর স্ত্রী নূরীকে নিয়ে গাজীপুরের ভূরুলিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি হোটেলে কাজ করে আসছিলেন। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। পারিবারিক কলহের জেরে গতকাল বুধবার দিনের কোনো এক সময় স্ত্রী নূরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে ইসমাইল হোসেন পলাতক। সন্ধ্যা হয়ে গেলেও নূরীকে প্রতিবেশী ভাড়াটেরা দেখতে না পেয়ে ঘরের কাছে এসে ডাকাডাকি করেন। পরে ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখেন, খাটের ওপর নূরীর নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী ইসমাইল হোসেন পলাতক। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন। নিহত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন আছে, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মামলার প্রস্তুতি চলছে।