মতলবে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু, আহত আরেকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে তাসফিয়া আক্তার নামে পাঁচ বছরের একটি শিশু নিহত হয়েছে। আজ সোমবার বেলা দেড়টায় উপজেলার ধনারপাড় জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় আহত হয়েছে রুনিয়া আক্তার (৭) নামের আরেক শিশু। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ট্রাকসহ এর চালককে আটক করেছে।

নিহত তাসফিয়া ধনারপাড় এলাকার অটোরিকশাচালক মো. ইব্রাহিমের মেয়ে। আহত রুনিয়া ওই এলাকার রাকিবুল ইসলামের মেয়ে।

পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ দুপুর দেড়টায় ধনারপাড় এলাকার প্রধানীয়া বাড়ির ওই দুই শিশু তাদের বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার জন্য বের হয়। সেখানকার সড়কের ওপর দিয়ে হাঁটার সময় আচমকা পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক তাদের দুজনকেই চাপা দেয়। এতে তাসফিয়ার মাথা, বুক, পিঠ, পা ও মুখমণ্ডল রক্তাক্ত জখম হয়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে। অপর শিশু রুনিয়া আক্তারের শরীরের বেশ কিছু অংশও জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহায়তায় ওই ট্রাকসহ এর চালক নিয়ামত আলী দেওয়ানকে আটক করে থানায় নিয়ে আসে।

তাসফিয়ার বাবা মো.ইব্রাহিম বলেন, এটি শুধু দুর্ঘটনা নয়। হত্যাকাণ্ডের মতোই ঘটনা এটি। এ ঘটনার হোতা ওই ট্রাকচালকের বিচার দাবি করেন তিনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বেলা আড়াইটার দিকে বলেন, ওই ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।