সিলেটে দুই অটোরিকশাচালকের হাতাহাতি, একজনের মৃত্যু
সিলেটে সিএনজিচালিত দুই অটোরিকশাচালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সিলেট নগরের বন্দরবাজার এলাকার প্রধান ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া অটোচালকের নাম আমিরুল ইসলাম (২৮)। তিনি সিলেট শহরতলির কান্দিরগাঁওয়ের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত অপর অটোচালক আলমগীর হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে নগরের বন্দরবাজার এলাকার প্রধান ডাকঘরের সামনে আলমগীর হোসেন ও আমিরুল ইসলাম অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে বাগ্বিতণ্ডায় জড়ান। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আলমগীর হোসেন একপর্যায়ে আমিরুলের বুকে লাথি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন আমিরুলকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, লাশটি হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। আটক আলমগীর হোসেন থানায় পুলিশি হেফাজতে আছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।