পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হওয়া নেপালি তরুণ এখন জয়পুরহাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন নেপালের তরুণ ইহ
ছবি: প্রথম আলো

বগুড়া-জয়পুরহাট সড়কের নুনগোলার এলাকায় হাঁটছেন এক ভিনদেশি তরুণ। অনেকেই তাঁকে আগ্রহ নিয়ে দেখছেন। ওই তরুণও পথে পথে থামছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। পথে হাঁটতে হাঁটতেই কথা হলো ওই তরুণের সঙ্গে। জানা গেল, তিনি পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন।

২৭ বছরের এই তরুণের বাড়ি নেপালের রাজধানী কাঠমান্ডুর থাপাথালি এলাকায়। তাঁর নাম ইহ। এক শব্দের ছোট্ট নাম শুনে বেশ আশ্চর্য হলাম। পুরো নাম জানতে চাইলে ওই তরুণ বলেন, তাঁর নাম শুধুই ‘ইহ’। প্রকৃত নাম ভিন্ন কিছু হলেও তিনি ছোট্ট এই নামেই পরিচিত হতে চান।

পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পথে পথে ঘুরছেন ইহ। নানা দেশের মানুষের সংস্কৃতি জানার আগ্রহ থেকেই তাঁর এই ভ্রমণ। ২৩৫ দিন আগে কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করেছিলেন। ৫ হাজার ৪৮৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি এখন বাংলাদেশে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি হাটে পৌঁছেছেন। এর আগে দুপুরে বগুড়া-জয়পুরহাট সড়কের নুনগোলা এলাকায় তাঁর সঙ্গে আলাপ হয়।

ছোটবেলা থেকেই ইহর ভ্রমণ ভালো লাগে। ১৪ বছর বয়সে তিনি স্কুল ছাড়েন। এরপর ছেড়েছেন পরিবার। তখন থেকে ভ্রমণই তাঁর জীবন।

২৬ দিন আগে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টের পথে পায়ে হেঁটে রওনা দেন নেপালি এই যুবক। পাহাড়, নদী, মহাসড়ক, রাজপথ, উঁচু-নিচু মেঠো পথ পাড়ি দিয়ে ৭৩৩ কিলোমিটার পথ হেঁটে বগুড়া হয়ে কালাই উপজেলার মোলামগাড়ি পৌঁছান। পথে পথে সবুজ শস্যখেতে, মেঠো পথ, ছায়াঘেরা গ্রাম বেশ মনে ধরেছে ইহর।

ইহ বলেন, ‘পথে পথে সবুজ ফসলের মাঠ দেখে আবেগে আপ্লুত হচ্ছি। গ্রামের হাটবাজারগুলোতে অনেকেই আমাকে দেখে আগ্রহ নিয়ে কথা বলতে আসছেন। চা-বিস্কুট খাওয়ার আমন্ত্রণও জানাচ্ছেন। গ্রামের মাঠে কাজ করা কৃষকেরাও তাঁকে স্বাগত জানাচ্ছেন, হাসিমুখে কথা বলছেন। স্থানীয় লোকজনই আমার থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। বাঙালির আতিথেয়তায় আমি মুগ্ধ। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। এই অঞ্চলের মানুষ খুব সাদাসিধে। এখানকার জীবনযাপন ও সংস্কৃতি বেশ আকর্ষণীয়।’

বাংলাদেশে ইহর ভ্রমণসঙ্গী হয়েছেন তাঁর বন্ধু হোমায়েদ ইসহাক
ছবি: প্রথম আলো

নেপালি তরুণ ইহর ভ্রমণসঙ্গী হয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক হোমায়েদ ইসহাক ওরফে মুন। তিনি ওই নেপালি তরুণের বাংলাদেশি বন্ধু। হোমায়েদ বলেন, কয়েক বছর আগে এভারেস্ট পর্বতের বেজক্যাম্পে গিয়ে ইহর সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়। পায়ে হেঁটে নেপাল, ভারত, শ্রীলঙ্কা পাড়ি দেওয়ার পর বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করেন ইহ। তখন ইহ তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

ছোটবেলা থেকেই ইহর ভ্রমণ ভালো লাগে। ১৪ বছর বয়সে তিনি স্কুল ছাড়েন। এরপর ছেড়েছেন পরিবার। তখন থেকে ভ্রমণই তাঁর জীবন। শুরু থেকেই ইহর স্বপ্ন ছিল বিশ্বভ্রমণের। ২০১৫ সালে হেঁটে তিনি পুরো নেপাল ঘুরেছেন। সময় লেগেছে এক বছর। এরপর তিনি হেঁটেই বিশ্বভ্রমণের পরিকল্পনা করেন।

অনেকেই আমাকে দেখে আগ্রহ নিয়ে কথা বলতে আসছেন। চা-বিস্কুট খাওয়ার আমন্ত্রণও জানাচ্ছেন। গ্রামের মাঠে কাজ করা কৃষকেরাও তাঁকে স্বাগত জানাচ্ছেন, হাসিমুখে কথা বলছেন।
নেপালি পর্যটক ইহ

২৩৫ দিন আগে পায়ে হেঁটে ইহ কাঠমান্ডু থেকে বিশ্বভ্রমণে বের হন। ভারতের কারগিল, লাদাখ, কন্যাকুমারী পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দেন। এরপর পায়ে হেঁটে শ্রীলঙ্কা ঘুরে দেখেছেন। ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছান। ১৮ সেপ্টেম্বর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে হেঁটে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পথে রওনা দেন।

ইহ বলেন, টেকনাফ থেকে তিনি পায়ে হেঁটে রওনা দিলেও চট্টগ্রামের কর্ণফুলীতে পায়ে হেঁটে পারাপার নিষিদ্ধ। তাই সেখানে নৌকায় পার হতে হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুতে পায়ে হেঁটে চলাচলের সুযোগ না থাকায় টাঙ্গাইল থেকে নৌকায় যমুনা পাড়ি দিয়ে সিরাজগঞ্জে পৌঁছান। সেখান থেকে হেঁটে বুধবার রাতে বগুড়া শহরে এসে রাত যাপন করেন। গতকাল কালাই উপজেলায় রাতযাপন শেষে সকালে হেঁটে পাঁচবিবি উপজেলায় রওনা দেবেন। এভাবে হেঁটে হেঁটে নীলফামারীর সৈয়দপুর হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধায় গিয়ে আপাতত চারটি দেশ ভ্রমণ শেষ হবে। নেপাল ফেরার পর তিনি পরবর্তী রোডম্যাপের পরিকল্পনা করবেন।

ইহর বন্ধু হোমায়েদ ইসহাক বলেন, ‘ইহ আমার সঙ্গে যোগাযোগ করার পর ওর সঙ্গে অর্ধেক পথ সঙ্গী হওয়ার পরিকল্পনা করি। সেই অনুযায়ী, সপ্তাহখানেক আগে টাঙ্গাইলের মির্জাপুর থেকে ইহর ভ্রমণসঙ্গী হিসেবে হেঁটে পঞ্চগড়ের পথে যাচ্ছি। ইহ গুগল ম্যাপ ব্যবহার করে এগিয়ে যাচ্ছেন। এ ছাড়া স্থানীয় লোকজনও তাঁকে সাহায্য করছেন।’