সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কী কী করবেন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকাল ১০টায় পৌঁছেছেন প্রধানমন্ত্রীছবি: বিএনপির মিডিয়া সেলের ভিডিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। মাজার জিয়ারত শেষে তিনি বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় দুই পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যাপ্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। এরপর বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় অংশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।