সমাবেশ ঠেকাতে বাস-লঞ্চ ধর্মঘট করিয়েছে সরকার: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলায় আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ছবি: প্রথম আলো

সমাবেশে মানুষের আগমন ঠেকাতে সরকার নিজেদের লোক দিয়ে বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলায় আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘এত দিন হরতাল-ধর্মঘট করত বিরোধী দল, এখন করছে সরকারি দল, তা দেখে মানুষ হাসছে। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও তাদের (সরকারের) বুক কাঁপে না।’ খুলনায় ঐতিহাসিক জনসভা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সেই সভায় মানুষ যাতে আসতে না পারে, সে জন্য নিজেদের লোক দিয়ে সরকার বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে।’

খুলনার গণসমাবেশে যোগ দেওয়া নেতা-কর্মীরা ফেরার পথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর হামলার শিকার হয়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁদের দেখতে এসেছেন তিনি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের অধীনে ছেলেখেলার নির্বাচনে যাবে না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

মোংলা পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিন্নাত সানা, যুবদল কর্মী জসিম গাজী ও মাসুমকে দেখতে সন্ধ্যায় বটতলায় আসেন রিজভী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মোংলা পৌর বিএনপির সহসভাপতি এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদ রিয়াদ, সদস্যসচিব এম এ কাশেম, বিএনপির নেতা আলাউদ্দিন, আবদুস সালাম ব্যাপারী প্রমুখ।