ফুল হাতে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছেন চারজন। ভাষাশহীদদের নামে তাঁরা দিচ্ছেন স্লোগান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতা-কর্মীর ফুল দেওয়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী। ভিডিও ও ছবি আপলোড করে লেখা হয়—‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।’
২২ সেকেন্ডের ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। শহীদ মিনারের অবস্থান কোথায় তা–ও ফেসবুকের পোস্টে উল্লেখ করা হয়নি। ফুল দিতে যাওয়া চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।