কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. সুমন (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সৈকতের সিগাল পয়েন্টে তিনি নিখোঁজ হন।

বেলা আড়াইটার দিকে লাইফগার্ড ও বিচের কর্মীরা গভীর সাগর থেকে মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমন ঢাকার নয়াবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, স্ত্রী-সন্তানসহ পরিবারের ৯ সদস্যের সঙ্গে গতকাল সোমবার ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে আসেন সুমন। সৈকতের লাবণী পয়েন্টের একটি হোটেলে ওঠেন। আজ বেলা দুইটার দিকে পরিবারের সবাইকে নিয়ে সৈকতে গোসলে নামেন তিনি।

পুলিশ সদস্য ও লাইফগার্ডের কর্মীরা বলেন, বেলা সোয়া দুইটার দিকে সুমনসহ চারজন একটি টিউব নিয়ে ঢেউয়ের সঙ্গে খেলছিলেন। হঠাৎ ঢেউয়ের ধাক্কায় চারজন সাগরের পানিতে ছিটকে পড়েন। স্থানীয় লাইফগার্ড ও বিচের কর্মীরা সমুদ্রে নেমে তিনজনকে উদ্ধার করলেও সুমনের খোঁজ মিলছিল না। আধা ঘণ্টা পর দ্রুতগতির জলযান নিয়ে গভীর সমুদ্র থেকে মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে উপকূলে তুলে আনেন লাইফগার্ড ও বিচের কর্মীরা। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমনের ভগ্নিপতি মো. শাহীন প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা গতকাল সকালে কক্সবাজারে এসে সৈকতের কল্লোল হোটেলে ওঠেন। আগামী বৃহস্পতিবার রাতে সবার ঢাকায় ফেরার কথা ছিল। এর মধ্যে এ দুর্ঘটনা ঘটল।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পরিদর্শক গাজী মিজানুর রহমান বলেন, সুমনের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে পারবে। সে ক্ষেত্রে আইনি বাধা দূর করতে হবে।