ফটিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ফটিকছড়ির ফেলাগাজী মোড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছে নাজিরহাট হাইওয়ে থানা-পুলিশ। তাঁর নাম তপন ওঁরাও। তিনি ফটিকছড়ির ভূজপুর গ্রামের বাসিন্দা। তপন ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁরা মারা যান। তবে তাঁদের পরিচয় জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তা ছাড়া এ ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাঁর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী একটি বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ১২ জনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে একজন মারা যান। দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের পুলিশ ও স্থানীয় লোকজন হাসপাতালে পাঠান।