সাকিব আল হাসান দীর্ঘদিন পর ঈদ করতে মাগুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ঈদ করতে মাগুরায় এসেছেন। বন্ধুদের সঙ্গে ইফতার ও আড্ডায় সময় পার করছেন তিনি
ছবিটি সাকিবের বন্ধু খান নয়নের ফেসবুক থেকে নেওয়া

দীর্ঘদিন পর নিজ শহর মাগুরায় ঈদ উদ্‌যাপন করতে এসেছেন বাংলাদেশ টি–টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে পৌঁছান তিনি।

সাকিবের পরিবার সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৭ সালে ঈদে মাগুরায় ছিলেন সাকিব আল হাসান। এবার আইপিএল খেলতে না যাওয়ায় এবং ছুটি পাওয়ায় মা–বাবার সঙ্গে ঈদ করতে এসেছেন তিনি।

বন্ধুদের সঙ্গে ইফতারে বসেছেন সাকিব আল হাসান
ছবিটি সাকিবের বন্ধু উমের উল আলমের ফেসবুক থেকে নেওয়া

সাকিব আল হাসানের কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাড়িতে পৌঁছে বিকেলেই মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর বন্ধুদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। শহরের একটি বিদ্যালয়ে এসএসসি-২০০৩ ব্যাচ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ইফতারের অংশ নিয়ে পরে তিনি পরিবারের সঙ্গেও ইফতার করেন। সন্ধ্যায় আবারও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সাকিব আল হাসান।

ক্রিকেটার সাকিবের বন্ধুরা জানিয়েছেন, দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় সাকিবসহ সবাই ভীষণ আনন্দিত। শৈশবের নানা স্মৃতিচারণা ও আড্ডায় দারুণ সময় পার করছেন তাঁরা। তিন সন্তানসহ সাকিবের স্ত্রী যুক্তরাষ্ট্রে আছেন। মাগুরায় ঈদ করা শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বাংলাদেশ টি–টোয়েন্টি ও টেস্ট দলের এ অধিনায়ক।