ফেরি থেকে পড়ে লস্কর নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা জেলার মানচিত্র

ভোলার লাহারহাট-ভেদুরিয়া নৌপথে ফেরি থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে আমিনুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আমিনুল ভেদুরিয়া-লাহারহাট নৌপথে চলাচলকারী কৃষ্ণচূড়া ফেরির লস্কর পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ভেদুরিয়া ঘাট থেকে কৃষ্ণচূড়া নামের ফেরিটি লাহার হাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফেরিতে গাড়ি ওঠানোর সময় লস্কর আমিনুল ইসলাম ফেরির পাশ দিয়ে মরা একটি ইলিশ ভেসে যেতে দেখে ধরতে যান। তখন পা পিছলে নদীতে পড়ে স্রোতের টানে ফেরির নিচে চলে যান। এর পর থেকে তিনি নিখোঁজ আছেন।

ভোলা ফায়ার সার্ভিসের কর্মী মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। তবে ভোলায় ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে একটি ডুবুরি দল এসেছে। তারা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। বেলা তিনটা পর্যন্ত আমিনুলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) লাহার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) কাওছার আহমেদ খান বলেন, ‘খবর পেয়ে আমরা লাহার থেকে ভেদুরিয়া ফেরিঘাটে এসেছি। বেলা ১টা পর্যন্ত নিখোঁজ আমিনুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারে অভিযান চলমান আছে।’