বিলে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে তালের কোন্দায় (তালগাছ থেকে তৈরি ছোট নৌকা) চড়ে বিলের পানিতে শাপলা তুলতে গিয়েছিল লামিয়া (১২) ও ইলমা (১০) নামের দুই শিশু। নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামে শেখেরধর সেতুসংলগ্ন বিলে এ ঘটনা ঘটে

লামিয়া ও ইলমার বাড়ি দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামে। লামিয়ার বাবার নাম নুরুল ইসলাম এবং ইলমার বাবার নাম আবদুল করিম।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, লামিয়া ও ইলমা প্রায়ই একসঙ্গে খেলত। গতকাল বিকেলে বাড়ির পাশের বিলে তালের কোন্দায় চড়ে শাপলা তুলতে যায় তারা। এ সময় কোন্দার দুই প্রান্তে বসে বিল থেকে শাপলা টেনে তুলছিল। একটি শাপলা ধরে টান দিলে কোন্দাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় শিশু লামিয়া ও ইলমা কোন্দার নিচে আটকে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও স্বজনেরা বিলে নেমে দুজনের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ওই দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।