ঝালকাঠিতে বাঁশের সাঁকোতে আটকে ছিল নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

ঝালকাঠি সদর উপজেলার কাঁচাবালিয়া গ্রামের একটি খাল থেকে আজ মঙ্গলবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স দু–তিন দিন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কাঁচাবালিয়া গ্রামের খালের একটি বাঁশের সাঁকোতে মেয়ে শিশুর লাশ আটকে ছিল। স্থানীয় লোকজন বেলা ১১টার দিকে লাশ দেখতে পেয়ে ঝালকাঠি থানার পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ওই গ্রামে অনুসন্ধান চালাচ্ছে।

কাঁচাবালিয়া গ্রামের ছালেহা বেগম বলেন, ‘সকালে খালের মধ্যে বাঁশের সাঁকোর সঙ্গে আটকে থাকা নবজাতক দেখে আমি গ্রামের মানুষদের জানাই। পরে পুলিশ এলে আমি লাশ খাল থেকে তুলে তাদের কাছে দিয়েছি। এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, দুপুরে পুলিশ লাশ উদ্ধার করার পরে তদন্ত চলছে। লাশের পরিচয় পাওয়া না গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।