নড়াইলে ঈদের দিনের মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ–ছররা গুলি, আহত ২৫
নড়াইলের কালিয়া উপজেলায় ঈদের দিনের মাংসের ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নওয়াগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ওই এলাকার ১৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওয়াগ্রাম এলাকায় দুটি পক্ষ বিদ্যমান। একটি পক্ষের নেতৃত্ব দেন ওই এলাকার ইসরাইল শেখ এবং অন্যটির নেতৃত্বে খায়রুল মোল্যা। গত শনিবার ঈদের দিন এলাকায় একটি গরু জবাই দেন ইসরাইল শেখের পক্ষ। খায়রুল মোল্যাদের একজনকে সেই গরুর মাংসের ভাগ না দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। এ থেকে এলাকায় উত্তেজনা বাড়ে।
একপর্যায়ে গতকাল রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সেখানে ‘ছররা গুলি’ ছোড়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে যান ১৪ জন।
গতকাল রাতে নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, নওয়াগ্রাম থেকে আসা ১৪ জন এখানে এসেছেন। তাঁরা সবাই ছররা গুলিতে আহত। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে, তাঁরা শঙ্কামুক্ত।
এ ব্যাপারে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।