ফরিদপুরে এক ব্যক্তিকে হত্যার ৯ বছর পর রায়, তিনজনের যাবজ্জীবন
ফরিদপুর শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা জিয়া মোল্লা নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ রায় দেন। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৯ বছর পর এ হত্যা মামলার রায় দেওয়া হলো।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের বাসিন্দা মো. বাবলু সরদার (৪৬), শাহিন সরদার (৪০) ও জুবায়ের মোল্লা (৩০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশি হেফাজতে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় গোবিন্দপুর গ্রামের বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন জিয়া মোল্লা, তাঁর চাচাতো ভাই জিয়া মাতুব্বর (৪৩) ও বন্ধু ইমন প্রামাণিক (৪৪)। তাঁরা পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে জিয়া মোল্লা ও তাঁর চাচাতো ভাই জিয়া মাতুব্বর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিয়া মোল্লা মারা যান।
পরদিন ১ অক্টোবর জিয়ার বাবা মো. শাহিদ মোল্লা (৭৮) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরিদপুরের পরিদর্শক মো. এমারত হোসেন ও মো. শাহজাহান মিয়া তদন্ত করেন। সর্বশেষ ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ শাহ আলম তদন্ত করে নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, ‘জিয়া হত্যা মামলার রায়ে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।’