বান্দরবানে নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা গ্রেপ্তার

ধর্ষণপ্রতীকী ছবি

বান্দরবান জেলা শহরে নিজের মালিকানাধীন রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তার এনসিপির নেতার নাম শৈক্যসিং মারমা। তিনি এনসিপির বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্র জানায়, জেলা শহরের বালাঘাটা সড়কের পাশের একটি পাহাড়ে শৈক্যসিং মারমার একটি রিসোর্ট রয়েছে। গতকাল দুপুরে সেখান থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রিসোর্টে গিয়েও ওই নারীকে কান্নারত অবস্থায় দেখা যায়।

ওই নারী স্থানীয় লোকজনকে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে রিসোর্টে নিয়ে এসেছিলেন শৈক্যসিং মারমা। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে শৈক্যসিং রাজি হননি। একপর্যায়ে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এ অভিযোগ শোনার পর স্থানীয় বাসিন্দারা ওই নারীকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ওই নারীকে রিসোর্ট থেকে থানায় নিয়ে আসে। তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করা হয়। ওই নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ওসি আরও বলেন, গ্রেপ্তার শৈক্যসিং মারমাকে আজ শনিবার আদালতে পাঠানো হচ্ছে। আর ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।

গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈক্যসিং মারমার বিষয়ে তাঁরা তদন্ত করে দেখছেন। শৈক্যসিং ও এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ ষড়যন্ত্র করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শৈক্যসিং মারমার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।