কেন্দুয়ায় বিএনপির ৮৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির ৮৮ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপপরিদর্শক (এসআই) মো. তানভীর মেহেদী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।

মামলায় ৮৮ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৭৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সঞ্জু রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ভূঁইয়া, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া ও বিএনপির নেতা মো. আবদুল আজিজ।

থানা-পুলিশ দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের খাদ্যগুদাম এলাকায় বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং চারজনকে আটক করে। পরে ওই দিন রাতে থানার এসআই তানভীর মেহেদী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিএনপির নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ১৯ মে দুপুরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশ তাঁকে আটক করে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। গত বৃহস্পতিবার জামিন নিয়ে বের হওয়ার পর দিন শুক্রবার দুপুরে কয়েকজন নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে বরণ করতে আসেন। তখন পুলিশ নির্বিচারে নেতা-কর্মীদের লাঠিপেটা করে চারজনকে ধরে নিয়ে যায়। এখন মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘এটা নিয়ে আমার নামে ৪১টি মামলা হয়েছে। সরকার পুলিশকে ব্যবহার করে সব ভৌতিক ও রূপক ঘটনা সাজিয়ে গায়েবি মামলা করে হয়রানি করছে। এভাবে বিএনপিকে আন্দোলন থেকে সরানো যাবে না।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় জড়ো হয়ে মিছিল, সরকারি স্থাপনা ও ইজিবাইক ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করে শান্তিশৃঙ্খলা নষ্ট করছিলেন। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল ও বাঁশের লাঠি উদ্ধার করে। গ্রেপ্তার চারজনকে আজ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।