যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে অনুমোদন ছাড়া যত্রতত্র এলপিজি সিলিন্ডার ও পেট্রল বিক্রি করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গত মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদরের কুলবাড়িয়া বাজারে
ছবি: প্রথম আলো

মেহেরপুর সদরের আমঝুপি ছোট বাজার। সেখানে হক ট্রেডার্স নামের মুদি দোকানে সার বেঁধে রাখা হয়েছে গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। সঙ্গে এক লিটার, দুই লিটারের কোমল পানীয়ের বোতলে পেট্রল। এসব দোকানে দাহ্য পদার্থ রাখার কোনো লাইসেন্স নেই। শহর ঘুরে ওষুধ, মুদি, মনিহারিসহ বিভিন্ন দোকানে গ্যাসের সিলিন্ডার বিক্রি করতে দেখা গেছে।

নিয়ম অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধানও রয়েছে। কিন্তু এ নিয়ম এখানে মানা হচ্ছে না। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

বিস্ফোরক পরিদপ্তরের নিয়ম অনুযায়ী, খুচরা দোকানে বিক্রির জন্য সর্বোচ্চ ১০টি গ্যাস সিলিন্ডার রাখা যায়। সে ক্ষেত্রে কেবল ফায়ার সার্ভিসের লাইসেন্স নিলেই হবে। ১০টির বেশি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু মেহেরপুর শহরসহ তিনটি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিক্রি করছে ৪০০টি প্রতিষ্ঠান। এর মধ্যে লাইসেন্স আছে মাত্র ৩৩টির। বাকি প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রির ব্যবসা পরিচালনা করছে।

পেট্রোলিয়াম মজুত আইন ২০১৮-তে বলা হয়েছে, কোনো পেট্রোলিয়াম মজুতাগার, স্থাপনা, ফিলিং স্টেশন, ড্রাম, ট্যাংক, শোধনাগার ও পরিবহন যানে ‘ধূমপান বা আগুন নিষিদ্ধ’ সতর্কবাণীসংবলিত সাইনবোর্ড বা লেবেল লাগাতে হবে। ২০০৪ সালের এলপিজি মজুত সংরক্ষণ আইনে বলা হয়েছে, বিস্ফোরক লাইসেন্স ব্যতীত কেউ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করতে পারবে না। গ্যাস সিলিন্ডার মজুত স্থান সব সময় পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে কোনো প্রকারের আগুন বা বৈদ্যুতিক সংস্পর্শ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

গত সোম ও গতকাল মঙ্গলবার জেলা শহর, সদর উপজেলার মনোহরপুর, কাথুলী বাসস্ট্যান্ড, বড় বাজার, হোটেল বাজার, কোর্টবাজার, কলেজ মোড়, বামনপাড়া মোড়, আমঝুপি বাজার, বারাদি বাজার এবং গাংনী উপজেলা শহরের ১৫টি দোকান, বামুন্দি বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকান, তেলের দোকান, আবাসিক ভবন, পানের দোকান, ঝুপড়ি, চায়ের দোকান, এমনকি ওষুধের দোকানেও অবাধে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার ও পেট্রল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশসহ জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে এলপিজি সিলিন্ডার গুদামজাত করা হয়েছে। অধিকাংশ দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র নেই। কিছু দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র টাঙানো থাকলেও তা অকেজো ও মেয়াদোত্তীর্ণ।

লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার আমঝুপি বাজারের মেসার্স ময়না ট্রেডার্সের মালিক মইনুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে কোনো প্রকারের লাইসেন্স প্রয়োজন পড়ে কি না, তা জানা নেই। বাজারের অনেক দোকানেই তো গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। একেবারে ফুটপাতে সিলিন্ডার সাজিয়ে রাখা হয়েছে, কেউ তো কিছু বলে না।

পৌর শহরের টেম্পোস্ট্যান্ডে তারেক ট্রেডার্সেও বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এই দোকানের মালিক তরিকুল ইসলাম বলেন, ব্যস্ততার কারণে লাইসেন্স নেওয়া হচ্ছে না। তবে যাবতীয় নিয়ম মেনে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।

গাংনী পৌরসভার বিভিন্ন হাটবাজার ও সড়ক ঘুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে দেখা গেছে। পৌরসভার ট্রাফিক মোড় সড়কের পাশে একটি সাইকেল পার্টসের দোকানের সামনে বিক্রির জন্য রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। সিলিন্ডারগুলো রাখা হয়েছে একেবারে সড়কের পাশে একটার ওপর আরেকটা করে।

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বাসবাড়িয়া বাজারের একটি ছোট চা-পানের দোকানের সামনে একটি টেবিলের ওপর বোতলে সাজিয়ে রাখা হয়েছে দাহ্য পদার্থ পেট্রল। জানতে চাইলে দোকানি মফিজুল ইসলাম বলেন, সড়কে চলাচলরত মোটরসাইকেল আরোহীরা এখান থেকে পেট্রল কিনে থাকেন। চাহিদার কারণে দোকানে পেট্রল বিক্রি করা হচ্ছে। বিস্ফোরক লাইসেন্স প্রয়োজন হয় কি না, জানা নেই।

পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মকর্তারা বলছেন, মেহেরপুরের অধিকাংশ এলাকায় গ্যাসের সিলিন্ডার ও পেট্রল রাখা হয় একেবারে খোলা আকাশের নিচে। প্রচণ্ড রোদ ও বর্ষার সময় বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। অনেকে গ্যাস সিলিন্ডার মজুত রাখার নিয়মকানুন সম্পর্কে জানেন না। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে দাহ্য পদার্থ মজুত রাখার আইনকানুন সম্পর্কে মানুষ জানতে পারবেন। সঙ্গে সচেতন হতে পারবেন।

মেহেরপুর জেলা ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিদর্শক আবদুস সালাম বলেন, জেলায় মোট ৩০০টি প্রতিষ্ঠানকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার লাইসেন্স দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অনেকে এলপিজি সিলিন্ডার বিক্রির ব্যবসা করছে। এর বাইরেও অনেকে এলপিজি সিলিন্ডার বিক্রি করে থাকে। তাদের তালিকা তৈরির কাজ চলছে।

এসব ব্যাপারে জানতে চাইলে বিস্ফোরক পরিদপ্তর খুলনা অঞ্চলের বিস্ফোরক পরিদর্শক মো. আসাদুল ইসলাম বলেন, জনবল সংকটের কারণে তাঁরা জেলা পর্যায়ে অনিয়ন্ত্রিত গ্যাস সিলিন্ডার বিক্রি তদারক করতে পারছেন না। এরপরও খুলনা বিভাগের ১০টি জেলায় মাঝেমধ্যে অভিযান চালানো হচ্ছে।