মানববন্ধনে মেয়েকে হত্যার বিচার চেয়ে ডুকরে কাঁদলেন বাবা
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস করছিল শিশুরা। এ সময় পাশের মহাসড়কে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চলছিল। খবর পেয়ে শিশুরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে মানববন্ধনে যোগ দেয়। তাদের সঙ্গে আসেন শিক্ষক ও এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত হন শিশুটির বাবাও। তিনি বলেন, ‘আমার মেয়েকে শারীরিকভাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আমি হত্যাকারী আমজাদ মোল্লার ফাঁসি চাই।’ এ কথা বলতে বলতে ডুকরে কেঁদে উঠে বাক্রুদ্ধ হয়ে পড়েন তিনি।
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে আজ মঙ্গলবার সকালে এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধনে যোগ দেন। এ সময় সহপাঠীকে হত্যার বিচারের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করে শিশুরা।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহিদুল বিশ্বাস। এ সময় নিহত শিশুটির বাবা, শ্রমিকনেতা মনোয়ার হোসেন, কৃষক লীগ নেতা মাজেদ মুন্সী, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতা এম মহাসিন, আওয়ামী লীগ নেতা সরদার বাবুল আক্তার, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর রোকেয়া বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফি কামাল, ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা পোদ্দার, চেঙ্গুটিয়া রথখোলা মন্দিরের সভাপতি মন্টু ঘোষ, নিহত শিশুর সহপাঠী নাহিদ হোসেন ও তাসলিমা খাতুন বক্তব্য দেয়।
৭ আগস্ট রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি মাছের ঘেরের কচুরিপানার নিচ থেকে ওই স্কুলছাত্রীর (৮) লাশ উদ্ধার করে পুলিশ। সে ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৯ আগস্ট থানায় মামলা করলে অভিযুক্ত আমজাদ মোল্লাকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। আমজাদ মোল্লা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কোরাইশ মোল্লার ছেলে।